২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুমউদ্দৌলার সেঞ্চুরি, রবিউলের ৫ উইকেট

প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যাওয়া শিরোপা প্রত্যাশী বরিশাল ঘুরে দাঁড়িয়েছে। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে স্বাগতিক ঢাকাকে ১৭৫ রানে অলআউট করে দেওয়ার পর তারা চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১১১ রান তুলে। তারা এখন এগিয়ে ৬১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যাওয়া শিরোপা প্রত্যাশী বরিশাল ঘুরে দাঁড়িয়েছে। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে স্বাগতিক ঢাকাকে ১৭৫ রানে অলআউট করে দেওয়ার পর তারা চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১১১ রান তুলে। তারা এখন এগিয়ে ৬১ রানে। আরেক শিরোপাপ্রত্যাশী রাজশাহী তাদের নিজেদের মাঠে অল্পের জন্য লিড নিতে পারেনি। খুলনার ২৫৫ রানের জবাবে তারা অলআউট হয়েছে ২৫১ রানে। ৩ উইকেটে ৭২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা খুলনা এগিয়ে ৭৬ রানে। সিলেট স্টেডিয়ামে গুরুত্বহীন ম্যাচে মাসুমউদ্দৌলার সেঞ্চুরিতে চট্টগ্রাম ৩৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর স্বাগতিকরাও কম যাচ্ছে না। সিলেট কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১২১ রান। ৩ উইকেটে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ঢাকা আর ১৩২ রান যোগ করতেই হারায় বাকি ৭ উইকেট। বরিশালের পেসার তালহা জুবায়ের (৩/৬৭) এবং অফস্পিনার নাসির হোসেন (৩/২২) মিলে বেশিদূর এগোতে দেননি স্বাগতিকদের। আগের দিনের ১১ রান নিয়ে শুরু করা অধিনায়ক জাভেদ ওমরের (৬২) ব্যাট থেকেই এসেছে ঢাকার ইনিংস সর্বোচ্চ রান। ৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশালকে ভালো অবস্থায় পৌঁছে দিয়েছে ওপেনার রনি তালুকদারের হার না মানা ৬৭ রানের ইনিংস। রাজশাহীতে স্বাগতিকদের লিড নিতে দেয়নি খুলনার দুই পেসার রবিউল ইসলাম (৫/৬৮) ও ডলার মাহমুদের (৩/৫২) বোলিং। তবে সোহরাওয়ার্দী শুভ (৫৫) ও সাব্বির রহমানের (৪৪) ব্যাটিংয়ে লিডের খুব কাছেই গিয়েছিল তারা। এরপর বল হাতেও সফল শুভ। খুলনার ৩ উইকেটের দুটোই তুলে নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.