ঢাকা, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে প্রথম দিন খেলা হয়নি। একদিক দিয়ে সেটা বোধহয় ভালোই ছিল! কারণ সোমবার বিকেএসপিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ।
ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ সৈকত আলীর ২২। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া রকিবুল হাসান, মেহরাব জুনিয়র ও রাজিন সালেহ ব্যর্থ হয়েছেন চরমভাবে। রকিবুল (১৯ রান) তা-ও দুই অংকের ঘরে যেতে পেরেছেন। মেহরাব (৩) ও বিসিবি একাদশের অধিনায়কত্ব করা রাজিন (১) সেটাও পারেননি।
বিশ্বসেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন নন, রাজিনের দলের সবচেয়ে বড় হন্তারক রঙ্গনা হেরাথ। বাঁহাতি স্পিনে ১১.১ ওভার বল করে মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৬ রানের বিনিময়ে মুরালির শিকার ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৪৫২ঘ.
bdnews24