২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীর-দ্রাবিড়ের সেঞ্চুরির পর ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

গৌতম গম্ভীরের পথ অনুসরণ করে সেঞ্চুরি পেয়েছেন দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া রাহুল দ্রাবিড়। তবু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনটা হাসিমুখে শেষ করতে পারেনি ভারত। কারণ বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা। যে ব্যর্থতায় ১ উইকেটে ৩২০ রানে পৌঁছেও ৪৫৩ রানে শেষ হয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। আলোর স্বল্পতার কারণে শনিবার আর ব্যাট করতে নামেনি ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মোহালি, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৌতম গম্ভীরের পথ অনুসরণ করে সেঞ্চুরি পেয়েছেন দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া রাহুল দ্রাবিড়। তবু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনটা হাসিমুখে শেষ করতে পারেনি ভারত। কারণ বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা। যে ব্যর্থতায় ১ উইকেটে ৩২০ রানে পৌঁছেও ৪৫৩ রানে শেষ হয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। আলোর স্বল্পতার কারণে শনিবার আর ব্যাট করতে নামেনি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা সিরিজটা একটুও ভালো কাটেনি দ্রাবিড়ের। ঐ সিরিজে মাত্র একটি ফিফটিসহ মাত্র ১২০ রান করেছিলেন তিনি। গড় ছিল ১৭-র সামান্য ওপরে। চেন্নাইয়ে ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টেও ব্যর্থ হয়েছেন 'দ্য ওয়াল' (৩ ও ৪ রান)। তাকে দলের বাইরে রাখার চাপা গুঞ্জন তাই শুরু হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটাঙ্গনে। সেই গুঞ্জনেরই দাঁতভাঙ্গা জবাব দারুণ এক সেঞ্চুরি। আগের দিন ৬৫ রানে অপরাজিত থেকে ইঙ্গিত দিয়েছিলেন ফর্মে ফেরার। শনিবার ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরিকে টেনে নিয়ে গেছেন ১৩৬ রান পর্যন্ত। আগের দিনই চার টেস্টের মধ্যে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়ে ১০৬ রানে অপরাজিত ছিলেন গম্ভীর। দারুণ ফর্মে থাকা দিল্লীর বাঁহাতি ওপেনার শনিবার আউট হওয়ার আগে করেছেন আরো ৭৩ রান। সুবাদে বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের পর ২০০৮ সালে টেস্টে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে হাজার রান পূর্ণ করেছেন তিনি। গম্ভীর-দ্রাবিড়ের সৌজন্যেই এক সময় বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে শুরু করে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত দলের কোনো ক্ষতি হতে দেননি দুই সেঞ্চুরিয়ান। কিন্তু মধ্যাহ্ন-বিরতির পর পাল্টে গেছে ম্যাচের চেহারা। চেন্নাইয়ে অভিষেক টেস্টে প্রথম ওভারেই দুই উইকেট নেয়া গ্রায়েম সোয়ান ও অ্যান্ড্রু ফ্লিনটফের আঘাতে একের পর এক উইকেট হারিয়েছে ভারত। শুরুটা করেছেন সোয়ান। দ্বিতীয় সেশনের পঞ্চম ওভারে তিনি পয়েন্টে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন গম্ভীরকে। প্রায় ৮ ঘন্টা ব্যাট করে ৩৪৮ বলে খেলা গম্ভীরের ১৭৯ রানের ইনিংসটা সাজানো ছিল ২৫টি বাউন্ডারি ও একটি ছক্কায়। দ্রাবিড়কে সঙ্গে নিয়ে ৩১৪ রানের জুটি গড়েছেন তিনি, যা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের সর্বোচ্চ । গম্ভীরের বিদায়ের পর দ্রাবিড়ও বেশিক্ষণ টিকতে পারেননি। দলের সংগ্রহে আর ৯ রান যোগ হতেই তিনি আউট! সোয়ানেরই ঝুলিয়ে দেয়া বলে বিভ্রান্ত হয়ে মিড অনে ক্যাচ তুলে দিয়েছেন মন্টি পানেসারের হাতে। দ্রাবিড়ের ১৩৬ রানে বাউন্ডারি ১৯টি। এখানেই থেমে না থেকে কিছুক্ষণ পর টেন্ডুলকারকেও (১১) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন সোয়ান। মধ্যাহ্ন-বিরতির পর দারুণ বল করেও উইকেটের দেখা পাচ্ছিলেন না ফ্লিনটফ। তবে সোয়ানের পারফরম্যান্সে হয়ে উজ্জীবিত হয়ে তিনিও আঘাত হেনেছেন, শূন্যহাতে ফিরিয়ে দিয়েছেন লক্ষ্মণকে। ১ উইকেটে ৩২০ থেকে ৫ উইকেটে ৩৩৯ রানে পরিণত হয়ে ভারত তখন ভীষণ অস্বস্তিতে। যুবরাজ সিংকে সঙ্গে নিয়ে সেই অস্বস্তি থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করছিলেন অধিনায়ক মহেন্দ্র ধোনি । কিন্তু দুজনেরই সম্ভাবনা জাগানো ইনিংস শেষ হয়েছে হতাশার মাধ্যমে। ২৭ রান করে পানেসারের বলে কট বিহাইন্ড হয়েছেন যুবরাজ। আর ২৯ রান করা ধোনি অ্যান্ডারসনের বলে ক্যাচ তুলে দিয়েছেন বদলি ফিল্ডার ওয়েইস শাহর হাতে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দুই টেলএন্ডার হরভজন সিং (২৪) ও অমিত মিশ্রর (২৩) দৃঢ়তায় সাড়ে চার শ'র ওপরে যেতে পেরেছে ভারত। ৩টি করে উইকেট নিয়েছেন ফ্লিনটফ ও সোয়ান। ভারত অলআউট হওয়ার পর ৯ ওভার খেলা বাকি ছিল। কিন্তু আলোর স্বল্পতার কারণে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক আর ব্যাট করতে নামেননি। সংক্ষিপ্ত স্কোর : ভারত ১ম ইনিংস : ১৫৮.২ ওভারে ৪৫৩ (গম্ভীর ১৭৯, শেবাগ ০, দ্রাবিড় ১৩৬, টেন্ডুলকার ১১, লক্ষ্মণ ০, যুবরাজ ২৭, ধোনি ২৯, হরভজন ২৪, জহির ৭, মিশ্র ২৩, ইশান্ত ১*, অতিরিক্ত ১৬; অ্যান্ডারসন ১/৮৪, ব্রড ১/৮৪, ফ্লিনটফ ৩/৫৪, পানেসার ২/৮৯, সোয়ান ৩/১২২, কলিংউড ০/১০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪২ঘ.