২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন রাজিন-এনামুল, জায়গা হলো না রিয়াদের

জাতীয় ক্রিকেট লিগে তিন তিনটি সেঞ্চুরি করে টেস্ট দলে ঢোকার জোরালো দাবি জানিয়ে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য বৃহস্পতিবার ঘোষিত বাংলাদেশ দলে নেই এই অলরাউন্ডার। দুর্দান্ত পারফরম্যান্সের পরও ১৪ সদস্যের দলে তার না থাকাটাকেই ধরতে হচ্ছে চমক হিসেবে। দলে ফিরেছেন রাজিন সালেহ ও এনামুল হক জুনিয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 11:07 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় ক্রিকেট লিগে তিন তিনটি সেঞ্চুরি করে টেস্ট দলে ঢোকার জোরালো দাবি জানিয়ে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য বৃহস্পতিবার ঘোষিত বাংলাদেশ দলে নেই এই অলরাউন্ডার। দুর্দান্ত পারফরম্যান্সের পরও ১৪ সদস্যের দলে তার না থাকাটাকেই ধরতে হচ্ছে চমক হিসেবে। দলে ফিরেছেন রাজিন সালেহ ও এনামুল হক জুনিয়র। বুধবার জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী-সিলেট ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় নাঈম ইসলামকে দলে রাখতে পারেননি নির্বাচকরা। ডান হাতের কনিষ্ঠাঙ্গুল ও অনামিকার মাঝে ফেটে যাওয়ায় তাকে ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। তার জায়গায় দলে এসেছেন রাজিন সালেহ, অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেললেও গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সুযোগ হয়নি যার। রফিকুলের ভাষ্য, "দক্ষিণ আফ্রিকায় প্রথমে ওয়ানডে সিরিজ ছিল। যে কারণে ওখানে দেরিতে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব কঠিন হত। এজন্যই আমরা রাজিনকে ওখানে পাঠাইনি।" রাজিনের প্রত্যাবর্তন তাই খুব বেশি দিনের বিরতি দিয়ে নয়। কিন্তু বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র টেস্ট জয়ের নায়ক এনামুল ফিরলেন প্রায় এক বছর পর। এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে থাকলেও তার পর থেকেই বাংলাদেশ দলে উপেক্ষিত ছিলেন এই বাঁহাতি স্পিনার। এবারো হয়ত সুযোগ হত না। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আব্দুর রাজ্জাক সাসপেনশনে থাকায় তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। রফিকুলের কথায় সেটাই পরিষ্কার ফুটে উঠলো, "এর আগে ওকে বিবেচনা করা যায়নি কারণ আমাদের রাজ্জাক ছিল। এবার ওকে পাওয়ায় আমাদের স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়ছে।" অথচ এই কিছুদিন আগেও এনামুলে আস্থা রাখতে পারছিলেন না প্রধান নির্বাচক। তারওপর তিনি নিজেই স্বীকার করেছেন, এনামুলকে সর্বশেষ বোলিং করতে দেখেছেন তিনি বছরখানেক আগে। তাহলে আস্থা ফিরে এল কিভাবে? এর উত্তরে রফিকুল বলেছেন, "বেশ কিছুদিন এনামকে বোলিং করতে দেখিনি ঠিকই। তবে ভারতের রঞ্জি ট্রফিতে ও ভালো করছে বলেই জানি। সেখানে বেশ মিতব্যয়ী বোলিংই করছে। আর রঞ্জি ট্রফিতে তো উঁচুমানের ক্রিকেটই হয়।" শুক্রবার থেকে মহারাষ্ট্রের হয়ে এনামুল তার পরবর্তী ম্যাচ খেলতে নামছেন। ২২ ডিসেম্বর ওই ম্যাচ শেষ হওয়ার পরদিনই এই বাঁহাতি স্পিনার দেশে ফিরবেন বলে জানিয়েছেন রফিকুল আলম। রিয়াদকে দলে না রাখার ব্যাখ্যায় তিনি বলেছেন, "রিয়াদ খুব ভালো ফর্মে আছে সন্দেহ নেই। কিন্তু মিডল অর্ডারে আমরা ওকে রাখার কোনো জায়গা পাইনি।" মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম। বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, সাকিব আল হাসান, রাজিন সালেহ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র, মাহবুবুল আলম ও সাজেদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/১৭০০ঘ.