২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না জয়াবর্ধনে

তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল বেলা সাড়ে ১২টায়। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়ে থাই এয়ারওয়েজের ফ্লাইট ঢাকার মাটি স্পর্শ করলো দেড় ঘন্টা দেরিতে, দুপুর ২টায়। বৃহস্পতিবার দুটো টেস্ট ও একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ (তৃতীয় দল জিম্বাবুয়ে) খেলতে বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানালেন আশরাফুলের দলকে হালকাভাবে নেয়ার ঝুঁকি নিতে তারা কিছুতেই রাজি নন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল বেলা সাড়ে ১২টায়। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়ে থাই এয়ারওয়েজের ফ্লাইট ঢাকার মাটি স্পর্শ করলো দেড় ঘন্টা দেরিতে, দুপুর ২টায়। বৃহস্পতিবার দুটো টেস্ট ও একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ (তৃতীয় দল জিম্বাবুয়ে) খেলতে বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানালেন আশরাফুলের দলকে হালকাভাবে নেয়ার ঝুঁকি নিতে তারা কিছুতেই রাজি নন। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দলের শক্তিমত্তার বিস্তর ব্যবধান। কিন্তু তা নিয়ে কোনো রকম আত্মপ্রসাদে ভুগতে রাজি নন জয়াবর্ধনে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবার আগে তিনি জানালেন, "এদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আমাদের প্রথম লক্ষ্য।" তারপর বললেন আসল কথাটা, "আমরা বিন্দুমাত্র আত্মপ্রসাদে ভুগছি না। আর বাংলাদেশ দলকে হালকাভাবেও নিচ্ছি না।" কয়েক দিন আগে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেললেও শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট খেলেছিল প্রায় সাড়ে চার মাস আগে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে। সেই সিরিজের স্মৃতি তাদের জন্য দারুণ সুখদায়কও। সেই সুখস্মৃতি ঢাকায় পৌঁছেও রোমন্থন করলেন শ্রীলঙ্কা অধিনায়ক, "ভারতকে তিন টেস্টের সেই সিরিজে আমরা ২-১ ব্যবধানে হারিয়েছিলাম।" তখনই তার কাছে সম্পূরক প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশকেও তারা উড়িয়ে দেবেন কি না। তবে এই প্রশ্নের জবাবে সতর্ক পথেই হাঁটলেন জয়াবর্ধনে, "আগেই ভবিষ্যদ্বাণী করার মতো অধিনায়ক আমি নই । প্রত্যেকটা ম্যাচ ধরে ধরেই আমি চিন্তা-ভাবনা করি।" সেই সিরিজে ২৬ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দেয়া অজন্তা মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না ইনজুরির কারণে। ক্রিকেট দুনিয়ার নবাগত 'স্পিন বিস্ময়' না থাকলেও তা নিয়ে কিন্তু মোটেই দুশ্চিন্তাগ্রস্ত নন জয়াবর্ধনে, "মেন্ডিসের অনুপস্থিতি আমাদের দলের পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলবে না। কারণ আমরা কখনোই এক জনের ওপরে নির্ভর করি না।" মেন্ডিসের অবশ্য দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা আছে। বেশ দ্রুতই সেরে উঠছেন তিনি। তবে জয়াবর্ধনে জানিয়েছেন মেন্ডিসকে খেলানোর ব্যাপারে কোনো রকম তাড়াহুড়া করতে রাজি নন তারা। আগামী মাসে ভারত পাকিস্তানে না গেলে শ্রীলঙ্কার পাকিস্তানে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার প্রভাবশালী ক্রিকেট কর্মকর্তারাই এমন ইঙ্গিত দিয়েছেন। এ সম্পর্কেও প্রশ্ন রাখা হয়েছিল জয়াবর্ধনের কাছে। তবে শ্রীলঙ্কার অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপাতত এ নিয়ে তারা কিছু ভাবছেন না। আপাতত তাদের চিন্তা-ভাবনা জুড়ে শুধুই বাংলাদেশ সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৫১৩ঘ.