২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদের সেঞ্চুরির পরও ১৭০ রানে হার ঢাকার

এর আগে দুটো সেঞ্চুরি করে টেস্ট দলের জন্য নির্বাচকদের বিবেচনায় বেশ ভালোভাবেই চলে এসেছিলেন তিনি। বুধবার চলতি জাতীয় ক্রিকেট তার তৃতীয় সেঞ্চুরি করে প্রথমবারের মতো টেস্ট দলে ঢোকার দাবি আরো জোরালো করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এই অলরাউন্ডারের ১৫২ রানের ইনিংস সত্ত্বেও স্বাগতিকদের কাছে ১৭০ রানে হার মানতে হয়েছে ঢাকাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এর আগে দুটো সেঞ্চুরি করে টেস্ট দলের জন্য নির্বাচকদের বিবেচনায় বেশ ভালোভাবেই চলে এসেছিলেন তিনি। বুধবার চলতি জাতীয় ক্রিকেট তার তৃতীয় সেঞ্চুরি করে প্রথমবারের মতো টেস্ট দলে ঢোকার দাবি আরো জোরালো করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এই অলরাউন্ডারের ১৫২ রানের ইনিংস সত্ত্বেও স্বাগতিকদের কাছে ১৭০ রানে হার মানতে হয়েছে ঢাকাকে। অবশ্য হারটা যে আরো অনেক বড় ব্যবধানে হয়নি, এর পুরো কৃতিত্বটাই পাওয়া উচিত রিয়াদের। তৃতীয় দিন ৫২৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামা ঢাকা মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে অধিনায়ক জাভেদ ওমরকে নিয়ে একটা সেঞ্চুরি পার্টনারশিপ গড়া রিয়াদ এদিন সপ্তম উইকেটে ১০১ রান যোগ করেছেন আরাফাত সানিকে (৩২) সঙ্গে নিয়ে। এর আগে নাদিফ চৌধুরীর (৩৩) সঙ্গে তার ষষ্ঠ উইকেট জুটির স্থায়িত্ব ছিল ৭৮ রানের। খুলনার দুই পেসার জিয়াউর রহমান (৫/৮২) এবং রবিউল ইসলাম (৪/১১৫) মিলেই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৯ উইকেট। সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের রেজাউল করিমও। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে তার ১২৮ রানের ইনিংসের পরও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বরিশালের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। যদিও এই ম্যাচে দু'দলেরই জয়ের সম্ভাবনা ছিল সমান-সমান। ভারী কুয়াশার কারণে চতুর্থ এবং শেষদিনের খেলা ৭০ মিনিট দেরীতে শুরু না হলে হয়তো ফলাফল হয়েই যেত। ৩১৩ রানের টার্গেট তাড়া করতে নামা চট্টগ্রাম ৮ উইকেটে ২৯০ রান করার পরই খেলা শেষ হয়ে যায়। শেষপর্যন্ত ভারী কুয়াশার বলি হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী-সিলেট ম্যাচ। শেষদিনেও খেলা হতে পেরেছে মাত্র ৪৯ মিনিট। এই ম্যাচে সিলেট তো তাদের প্রথম ইনিংসই শেষ করতে পারেনি। নবম রাউন্ড থেকে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে বরিশাল। তাদের পয়েন্ট এখন ৯৭। আর এই রাউন্ড থেকে মাত্র ৩ পয়েন্ট পাওয়া রাজশাহী ৮৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এই রাউন্ড থেকে ১৫ পয়েন্ট নিয়ে ঢাকাকে টপকে তৃতীয় স্থানে চলে আসা খুলনার সংগ্রহ ৭৭ পয়েন্ট, চতুর্থ স্থানে থাকা ঢাকার চেয়ে যা মাত্র দুই বেশি। ৬২ পয়েন্ট পাওয়া চট্টগ্রামের পর সবার শেষে আছে সিলেট (৫৩ পয়েন্ট)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.