২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইনকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা

দু দলের বোলিংয়ের মূল শক্তি পেস আক্রমণ। ম্যাচটাও বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেট পার্থের ওয়াকা মাঠে। বুধবার থেকে শুরু হতে যাওয়া র‌্যাংকিংয়ের সেরা দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রধান আকর্ষণ তাই দু দলের পেসাররা। সেই আকর্ষণের মধ্যে আবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ডেল স্টেইন। গত এক বছরে দারুণ ফর্মে থাকার জন্যই তিন টেস্টের সিরিজটা শুরু হওয়ার আগে প্রোটিয়াদের তরুণ ফাস্ট বোলারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

পার্থ, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু দলের বোলিংয়ের মূল শক্তি পেস আক্রমণ। ম্যাচটাও বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেট পার্থের ওয়াকা মাঠে। বুধবার থেকে শুরু হতে যাওয়া র‌্যাংকিংয়ের সেরা দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রধান আকর্ষণ তাই দু দলের পেসাররা। সেই আকর্ষণের মধ্যে আবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ডেল স্টেইন। গত এক বছরে দারুণ ফর্মে থাকার জন্যই তিন টেস্টের সিরিজটা শুরু হওয়ার আগে প্রোটিয়াদের তরুণ ফাস্ট বোলারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেটাই স্বাভাবিক। ২৭ টেস্টের ক্যারিয়ারে ২২.৬৭ গড়ে ১৩৬ উইকেট নেয়া স্টেইনের গত এক বছরের পারফরম্যান্স এক কথায় অসাধারণ। ১২ টেস্টে ২০.৮১ গড়ে ৬৫ উইকেট --- পরিসংখ্যানেই পরিষ্কার এ সময়টায় কতটা বিধ্বংসী মেজাজে আছেন তিনি। এমন দুর্দান্ত নৈপুণ্যের সুবাদেই টানা তিনটি টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে। টেস্ট র‌্যাংকিংয়েও স্টেইনের অসাধারণ পারফরম্যান্স প্রতিফলিত। মুত্তিয়া মুরালিধরনের পেছনে থেকে তার অবস্থান এখন দ্বিতীয়। স্টেইন তো আছেনই, সেই সঙ্গে মাখায়া এনটিনি আর মর্নে মরকেলের উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ প্রতিপক্ষের জন্য যথেষ্ট ভীতিজাগানিয়া। যদিও এই পেস আক্রমণের একটা 'ছিদ্র' খুঁজে বের করেছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া অধিনায়কের দৃঢ় বিশ্বাস অস্ট্রেলিয়ার মাটিতে স্টেইন- মরকেলদের অনভিজ্ঞতা প্রোটিয়াদের সমস্যায় ফেলতে পারে, "তাদের ওপরে বিশাল চাপ থাকবেই। গত কয়েক দিন ধরে বিশেষ করে আমাদের দলের সদস্যদের বলেছি যে তাদের বোলারদের নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তবে তারা এখনো অস্ট্রেলিয়ায় পরীক্ষিত নয়।" যাকে নিয়ে এত হৈ-চৈ সেই স্টেইনকে নিয়েও সন্দেহ প্রকাশ করতে ছাড়েননি পন্টিং, "নিঃসন্দেহে স্টেইনের দুর্দান্ত একটা বছর কেটেছে। ৬০-এর ওপরে টেস্ট উইকেট পাওয়াকে দারুণ প্রচেষ্টা বলতেই হবে। কিন্তু তাকে এখানে (অস্ট্রেলিয়ায়) টেস্ট ম্যাচের কঠিন সময়েই কাজটা করে দেখাতে হবে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণাদায়ক।" গ্রায়েম স্মিথও তার দলের প্রধান অস্ত্রকে নিয়ে সতর্ক। তবে সতর্কতার পাশাপাশি স্টেইনের ওপরে পুরোপুরি আস্থাশীল দক্ষিণ আফ্রিকা অধিনায়ক, "কাউকে ঘিরে হাইপ তৈরি হলে তার প্রভাব সেই ব্যক্তির ওপরে পড়তেই পারে। তবে এমনিতে সে (স্টেইন) খুব শান্ত, ধীর-স্থির ছেলে। আমার মনে হয় সে সব কিছুর সঙ্গেই মানিয়ে চলতে সক্ষম। গত এক বছরে সে যে ধরনের সাফল্য পেয়েছে তা সত্যিই বিশেষ কিছু। তাকে এর সঙ্গে মানিয়ে চলা শিখতেই হবে। এবং এটা তার জীবনের অংশ হয়ে যাওয়ারই কথা।" ওয়াকার উইকেট বাউন্সি ও দ্রুতগতির হলেও দু দলের প্রথম একাদশে এক জন স্পেশালিস্ট স্পিনার থাকার জোরালো সম্ভাবনা। স্বাগতিকদের হয়ে অফস্পিনার জেসন ক্রেইজার মাঠে নামা পুরোপুরি নিশ্চিত। অন্যদিকে প্রোটিয়াদের পক্ষে বাঁহাতি স্পিনার পল হ্যারিসকে দেখা যেতে পারে মাঠে। তবে অস্ট্রেলীয়দের জন্য একটা দুঃসংবাদ আছে। ব্রেট লি ও মিচেল জনসন থাকলেও ইনজুরিতে পড়ায় স্টুয়ার্ট ক্লার্ককে তারা পাচ্ছে না। সেই জায়গা পিটার সিডলের পূরণ করার সম্ভাবনাই বেশি। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৮ঘ.