২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল জিতেছে বলেই সেঞ্চুরিটা আরো উপভোগ্য টেন্ডুলকারের কাছে

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার আনন্দ তারচেয়ে বেশি করে আর পাননি কেউই। শচীন টেন্ডুলকারের কাছে তাই অভিজ্ঞতাটা নতুন নয় মোটেই। তবু টেস্টে তার ৪১তম টেস্ট সেঞ্চুরিটাকে আলাদা করে রাখছেন তিনি, বলছেন, এটা এক 'বিশেষ' অভিজ্ঞতা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চেন্নাই, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার আনন্দ তারচেয়ে বেশি করে আর পাননি কেউই। শচীন টেন্ডুলকারের কাছে তাই অভিজ্ঞতাটা নতুন নয় মোটেই। তবু টেস্টে তার ৪১তম টেস্ট সেঞ্চুরিটাকে আলাদা করে রাখছেন তিনি, বলছেন, এটা এক 'বিশেষ' অভিজ্ঞতা! চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তার অপরাজিত ১০৩ রানের সুবাদেই সোমবার দারুণ এক জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৮৭ রানের টার্গেট তাড়া করে ৬ উইকেটে জিতেছে তারা, গড়েছে ভারতের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটেই চতুর্থ ইনিংসে এরচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র তিনটি। "দল যদি জেতে, তাহলে সেঞ্চুরিটা আরো বিশেষ কিছু হয়ে ওঠে। তার এটা আমার ক্যারিয়ারের সেরা সেঞ্চুরিগুলোর একটি" - ঐতিহাসিক এই জয়ের পর প্রতিক্রিয়ায় বলেছেন টেন্ডুলকার। মুম্বাইয়ের সহিংস ঘটনাবলীর প্রেক্ষিতে বাতিল হতে বসেছিল এই সিরিজটাই, টেন্ডুলকার ভোলেননি সেটাও। মুম্বাইয়ে বেড়ে ওঠা 'লিটল জিনিয়াস' এই মাহেন্দ্রক্ষণে স্মরণ করেছেন ওই হামলায় নিহতদের, ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা ন্যাশনাল সিকিউরিটি গার্ড কম্যান্ডোসহ সংশ্লিষ্ট সবাইকে, "আশা করি এই সেঞ্চুরি মানুষকে খানিকটা আনন্দ ফিরিয়ে দেবে।" জয়ের কৃতিত্বটা অবশ্য একলা নিতে চাননি, তার সঙ্গে পঞ্চম উইকেটে ১৬৩ রানের জুটি গড়া যুবরাজ সিংসহ সতীর্থদের সবাইকেই এর ভাগ দিতে চেয়েছেন তিনি। বিশেষ করে যুবরাজের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, "ও একজন চ্যাম্পিয়নের মতোই খেলেছে।" আর আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলা যুবরাজ বলছেন, টেন্ডুলকারের সঙ্গে ওই জুটিটা গড়তে পেরে যেন স্বপ্নপূরণ হয়েছে তার, "ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখে এসেছি টেস্ট ক্রিকেটে তার সঙ্গে ব্যাট করার, আজ সেটা সত্যি হলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/২০২০ঘ.