২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের তাণ্ডব বদলে দিল ম্যাচের সমীকরণ

৩৮৭ রান টেস্ট ক্রিকেটের বিবেচনায় বেশ কঠিন লক্ষ্য। টেস্টের ১৩১ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান করে জয়ের কৃতিত্ব আছে মাত্র তিনটি দলের। কিন্তু বীরেন্দর শেবাগের মতো ব্যাটসম্যান জ্বলে উঠলে এ ধরনের পরিসংখ্যানের হাওয়ায় উড়ে যাওয়ার কথা! সেটাই হয়েছে রোববার, প্রথম টেস্টের চতুর্থ দিনে। শেবাগের ঝড়ো ফিফটির সুবাদে ১ উইকেটে ১৩১ রান নিয়ে দিন শেষ করায় ভারতের সামনে জয়ের উজ্জ্বল সম্ভাবনা। জিততে হলে শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে আরো ২৫৬ রান করতে হবে স্বাগতিকদের। তাই অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউডের জোড়া সেঞ্চুরিতে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও অস্বস্তিতে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

চেন্নাই, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৩৮৭ রান টেস্ট ক্রিকেটের বিবেচনায় বেশ কঠিন লক্ষ্য। টেস্টের ১৩১ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান করে জয়ের কৃতিত্ব আছে মাত্র তিনটি দলের। কিন্তু বীরেন্দর শেবাগের মতো ব্যাটসম্যান জ্বলে উঠলে এ ধরনের পরিসংখ্যানের হাওয়ায় উড়ে যাওয়ার কথা! সেটাই হয়েছে রোববার, প্রথম টেস্টের চতুর্থ দিনে। শেবাগের ঝড়ো ফিফটির সুবাদে ১ উইকেটে ১৩১ রান নিয়ে দিন শেষ করায় ভারতের সামনে জয়ের উজ্জ্বল সম্ভাবনা। জিততে হলে শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে আরো ২৫৬ রান করতে হবে স্বাগতিকদের। তাই অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউডের জোড়া সেঞ্চুরিতে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও অস্বস্তিতে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মোটেও ভালো করতে পারেনি ভারতের তারকাবহুল ব্যাটিং লাইন আপ। মাত্র ২৪১ রানে গুটিয়ে গিয়ে ইংল্যান্ডকে ৭৫ রানের লিড উপহার (!) দিয়েছে তারা। শেবাগ নিজেও ব্যর্থ হয়েছেন, মাত্র ৯ রান করে বোল্ড হয়ে যান অ্যান্ডারসনের বলে। সেই হতাশা পুষিয়ে নিতেই রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জ্বলে উঠেছিলেন 'বীরু'। মাত্র ৩২ বলে অষ্টাদশ টেস্ট ফিফটিতে পৌঁছানোর সময় ৮টা বাউন্ডারির পাশাপাশি দুটো বিশাল ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। এর পর মেরেছেন আরো দুটো ছয় ও ৩টি চার। শেষ পর্যন্ত ৬৮ বলে ৮৩ রানের ঝকঝকে ইনিংসটা শেষ হয়েছে অভিষিক্ত অফস্পিনার গ্রায়েম সোয়ানের বলে এলবিডব্লু হয়ে। ১১৭ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর দিনের বাকি ৬ ওভারে দলের আর কোনো ক্ষতি হতে দেননি গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়। দিনশেষে গম্ভীর ৪১ ও দ্রাবিড় ২ রানে অপরাজিত। এর আগে চা-বিরতির কিছুক্ষণ পর স্ট্রাউস ও কলিংউডের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩১১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করা স্ট্রাউস ১০৮ রান করে আউট হয়েছেন হরভজনের বলে। জহির খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়া কলিংউডের ব্যাট থেকেও এসেছে ১০৮ রান। চতুর্থ উইকেটে দু জনের ২১৪ রানের জুটি এক সময় বিশাল সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল ইংলিশদের। কিন্তু স্ট্রাউস-কলিংউড ছাড়া শুধু ম্যাট প্রায়র (৩৩) কিছুটা প্রতিরোধ গড়তে পারায় তাদের সেই স্বপ্ন সফল হয়নি। সফরকারীদের আর কেউ দু অংকের ঘরেও যেতে পারেননি। ৩টি করে উইকেট নেয়া জহির ও ইশান্ত শর্মাই সেজন্য দায়ী। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ৩১৬ ও ৩১১/৯ ডিক্লে. (স্ট্রাউস ১০৮, কলিংউড ১০৮, প্রায়র ৩৩; জহির ৩/৪০, ইশান্ত ৩/৫৭) ভারত : ২৪১ ও ১৩১/১ (শেবাগ ৮৩, গম্ভীর ৪১*, দ্রাবিড় ২*; সোয়ান ১/২৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.