ডানেডিন, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতে তার পরিচয় পেস বোলার। কিন্তু রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে সেই পরিচয় ছাপিয়ে 'ব্যাটসম্যান' হিসাবে আবির্ভূত হলেন জেরম টেলর, ওয়েস্ট ইন্ডিজকে উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি। তা-ও আবার দলের বিপদের সময়। টেলরের সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক ক্রিস গেইল ও শিবনারায়ণ চন্দরপল ফিফটি করায় প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৪০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানের লিড পাওয়া কিউইদের দিনশেষে সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান।
এত দিন টেস্টে টেলরের সর্বোচ্চ ইনিংস ছিল ৩১ রানের। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও ৪১ রানের বেশি করতে পারেননি। কিন্তু রোববার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টেলরকে দেখে মনেই হয়নি যে তিনি এক জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নন। গেইল ৭৪ রান করলেও ১৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল ক্যারিবীয়রা। কারণ তখনো স্বাগতিকদের প্রথম ইনিংসের ৩৬৫ রানের চেয়ে তারা পিছিয়ে ছিল ১৯২ রানে। সেখান থেকে তাদের উদ্ধার করেছে সপ্তম উইকেটে চন্দরপল-টেলরের ১৫৩ রানের জুটি।
শুরু থেকেই নিউজিল্যান্ডের প্রত্যেক বোলারকে আক্রমণ করা টেলর ফিফটি ও সেঞ্চুরি দুটোই পূর্ণ করেছেন বাউন্ডারি মেরে। তার ১০৭ বলে খেলা ১০৬ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে ১৭ বাউন্ডারি ও তিন ছক্কায়। শেষ পর্যন্ত ভেট্টোরির বলে কট বিহাইন্ড হয়ে ফিরে আসতে হয়েছে টেলরকে। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৩২৬ রান। এরপর আর বেশি দূর যেতে পারেনি তারা। ৭৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হয়েছেন চন্দরপল। ৫৬ রানে ৬ উইকেট নেয়া ভেট্টোরি কিউইদের সেরা বোলার। কাইল মিলস নিয়েছেন ৩ উইকেট।
২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ডকে দিনটা হাসিমুখে শেষ করতে দেননি ড্যারেন পাওয়েল। জেমি হাউ (১০) ও 'নাইটওয়াচম্যান' মিলসকে (০) বোল্ড করেছেন তিনি। দিনশেষে অভিষিক্ত টিম ম্যাকিনটশ ২৪ ও ড্যানিয়েল ফ্লিন ৪ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৩৬৫ ও ৪৪/২ (ম্যাকিনটশ ২৪*, হাউ ১০; পাওয়েল ২/১৭)
ওয়েস্ট ইন্ডিজ : ৩৪০ (টেলর ১০৬, চন্দরপল ৭৬, গেইল ৭৪; ভেট্টোরি ৬/৫৬, মিলস ৩/৬৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.
bdnews24