ঢাকা, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিজিও মাইকেল লরেন্স হেনরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দায়িত্ব নিতে রোববার সকালে ঢাকায় আসছেন এই অস্ট্রেলিয়ান। কাজ শুরু করবেন পরদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকার ড্যারেন লিফসনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
২৬ বছর বয়সী হেনরি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড থেকে ফিজিওথেরাপির ওপর ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। এর আগে অবশ্য কোনো ক্রিকেট দলের সঙ্গে কাজ করেননি। শনিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে আসার আগে লন্ডনের পিওর স্পোর্টস মেডিসিন ক্লিনিকে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। বিভিন্ন রাগবি দলের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা বেশি তার। এর মধ্যে অন্যতম লন্ডনের পেশাদার রাগবি দল লন্ডন স্কলার্সের হেড ফিজিওর দায়িত্বে থাকা। ব্রিসবেনের অলস্পোর্টস ফিজিওথেরাপি এবং স্পোর্টস মেডিসিন ক্লিনিকের ফিজিও হিসেবেও কাজ করেছেন কিছুদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২০৩ঘ.
bdnews24