ডুনেডিন, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে তিনি তখন মাত্র ৫ রান দূরে। কিন্তু কাক্সিক্ষত সেঞ্চুরিটা পাননি ড্যানিয়েল ফ্লিন। ৯৫ রানে আউট হয়ে এক রাশ আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। তবে ফ্লিন সেঞ্চুরি না পেলেও বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা খারাপ কাটেনি নিউজিল্যান্ডের। আলোর স্বল্পতায় আগে ভাগেই দিনের খেলার শেষ হওয়ার সময় ৪ উইকেটে ২২৬ রান নিয়ে মোটামুটি স্বস্তিতেই ছিল কিউইরা।
ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি। মাত্র ১০ রান করা জেমি হাউকে ফিরিয়ে শুরুতেই তাদের ধাক্কা দিয়েছেন ড্যারেন পাওয়েল। নিউজিল্যান্ডের সংগ্রহও তখন ১০ রান। তবে অভিষিক্ত ওপেনার টিম ম্যাকিনটশকে (৩৪) নিয়ে ৮৭ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ থেকে দলকে উদ্ধার করেছেন ফ্লিন। ম্যাকিনটশকে আরেক অভিষিক্ত লিওনেল বেকারের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন ক্রিস গেইল।
ফ্লিনের উইকেটটাও ক্যারিবীয় অধিনায়কের। তবে তার আগে এক প্রস্থ নাটকীয় ঘটনার জন্ম হয়েছে। গেইলের বল ফ্লিনের প্যাডে আঘাত হানার সঙ্গে সঙ্গে সমস্বরে আবেদন করেছেন ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডাররা। ফিল্ড আম্পায়ার সেই আবেদনে সাড়া না দিলে 'রেফারেল সিস্টেম'-এর মাধ্যমে তৃতীয় আম্পায়ার রুডি কোয়ের্টজেনের কাছে চলে যায় ব্যাপারটা। টিভিতে অনেক পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত ফ্লিনের 'মৃত্যু' ঘোষণা করেছেন কোয়ের্টজেন। প্রায় চার ঘন্টা স্থায়ী ইনিংসটা সাজানো ছিল ১২টা বাউন্ডারিতে।
ফ্লিনের মতো রস টেলরও (১৫) গেইলের শিকার। ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট নেয়ায় দিনের সেরা বোলারও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। দিনশেষে জেসি রাইডার অপরাজিত ছিলেন ৫৪ রানে। সঙ্গে থাকা ব্রেন্ডন ম্যাককালাম ব্যাট করছেন ৪ রান নিয়ে।
ডানহাতি ফাস্ট বোলার বেকারের মতো এই টেস্টে অভিষেক হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান ব্রেন্ডন ন্যাশেরও। ৩৫ বছরেরও বেশি সময় পর তিনিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্বেতাঙ্গ টেস্ট ক্রিকেটার। ন্যাশের জন্ম অস্ট্রেলিয়ায় হলেও তার বাবা ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিক সাঁতারে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৭৩.২ ওভারে ২২৬/৪ (ম্যাকিনটশ ৩৪, হাউ ১০, ফ্লিন ৯৫, টেলর ১৫, রাইডার ৫৪*, ম্যাককালাম ৪*, অতিরিক্ত ১৪; টেলর ০/৩২, পাওয়েল ১/৩৩, এডওয়ার্ডস ০/৪৬, বেকার ০/৬১, গেইল ৩/৪২, ন্যাশ ০/২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০০ঘ.
bdnews24