সিডনি, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তেমন সুবিধা করে উঠতে পারেননি তিনি। তাই দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার দলেই রাখা হয়নি শেন ওয়াটসনকে। তবে টেস্ট দলে ফেরার জন্য তাকে বেশিদিন অপেক্ষা করতে হলো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১৭ ডিসেম্বর থেকে পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
ব্রিসবেনে নিউজিল্যান্ডকে ১৪৯ রানে হারালেও সেই জয়ে তেমন বড় কোনো অবদান রাখতে পারেননি ওয়াটসন। দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৬ রান। সেই ম্যাচে বল হাতেও তিনি জ্বলে উঠতে পারেননি, উইকেট পেয়েছিলেন মাত্র দুটি। তাই অ্যাডিলেডে পরের টেস্টে তাকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে কুইন্সল্যান্ডের পক্ষে ৭ উইকেট নেয়ার পাশাপাশি ৮১ রানও করায় শক্তিশালী প্রোটিয়াদের সঙ্গে প্রথম টেস্টে ওয়াটসনকে উপেক্ষা করতে পারেননি অস্ট্রেলীয় নির্বাচকরা।
অস্ট্রেলিয়া দল : ম্যাথু হেইডেন, সাইমন ক্যাটিচ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল হাসি, মাইকেল ক্লার্ক, অ্যান্ড্রু সাইমন্ডস, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন, ব্রেট লি, জেসন ক্রেইজা, মিচেল জনসন ও স্টুয়ার্ট ক্লার্ক।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৪ঘ.
bdnews24