২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সরিয়ে নেয়ার খবরটা অবাস্তব!

মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্যই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল ক্রিকেট-দুনিয়ায়। তবে কয়েকটি পত্রিকায় প্রকাশিত আগামী বিশ্বকাপ উপমহাদেশ থেকে সরিয়ে নেয়ার সেই গুঞ্জনে কান দিতে রাজি নয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে এ ধরনের জল্পনার কোনো ভিত্তি নেই। এবং ২০১১ বিশ্বকাপ উপমহাদেশ থেকে সরিয়ে নেয়ার কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনাও তাদের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

নয়াদিল্লী, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্যই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল ক্রিকেট-দুনিয়ায়। তবে কয়েকটি পত্রিকায় প্রকাশিত আগামী বিশ্বকাপ উপমহাদেশ থেকে সরিয়ে নেয়ার সেই গুঞ্জনে কান দিতে রাজি নয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে এ ধরনের জল্পনার কোনো ভিত্তি নেই। এবং ২০১১ বিশ্বকাপ উপমহাদেশ থেকে সরিয়ে নেয়ার কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনাও তাদের নেই। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১১ সালের শুরুর দিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বসার কথা। তবে 'সব কিছু ঠিকঠাক' থাকবে কি না তা এখন ক্রিকেটের সামনে এক বিরাট প্রশ্নচিহ্নের মতো ঝুলে আছে। ইদানিং উপমহাদেশের দেশগুলো যে বিক্ষুব্ধ, সন্ত্রস্ত, বারুদের গন্ধ আর লাশের মিছিলের জনপদের নাম! তামিল গেরিলাদের সঙ্গে শ্রীলঙ্কার সেনাবাহিনীর লড়াই চলছে বহু দিন ধরে। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরীহ মানুষের মৃত্যুও নিত্যনৈমিত্তিক ঘটনা। তার সঙ্গে ভারতের দিল্লী, জয়পুর ও সবশেষে গত সপ্তাহে মুম্বাইয়ে স্মরণাতীতকালের ভয়ঙ্কর বোমা হামলায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রিকেটেরও বিশাল ক্ষতি হয়েছে। গত মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর বাতিল, সেপ্টেম্বরে পাকিস্তানেরই আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত, ভারতের সঙ্গে ইংল্যান্ডের শেষ দুটো ওয়ানডে বাতিল, ভারতে টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত ---- ক্ষতির তালিকাটা অনেক বড়। উপমহাদেশের বিক্ষুব্ধ পরিস্থিতির জন্যই আগামী বিশ্বকাপ অন্য কোথাও হতে পারে এমন খবর দিয়েছিল কয়েকটি পত্রিকা। কিন্তু এই খবরকে পাত্তাই দিচ্ছে না আইসিসি। দুবাইয়ের সদর দপ্তর থেকে বার্তাসংস্থা রয়টার্সকে আইসিসি'র মুখপাত্র বলেছেন, "এটা (উপমহাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়া) পুরোপুরি মিডিয়ার জল্পনা। এ ধরনের মন্তব্যের কোনো ভিত্তি নেই। টুর্নামেন্টা শুরু হতে এখনো প্রায় আড়াই বছর বাকি। এই মুহূর্তে এটা কোনো ইস্যুই নয়। আমরা সবাই বরং দুর্দান্ত একটা টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি।" সেই সঙ্গে তিনি যোগ করেছেন ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের কয়েক জন সিনিয়র ক্রিকেট কর্মকর্তাও এ ধরনের রিপোর্টকে 'অবাস্তব' বলে রায় দিয়েছেন। অবশ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখা হবে বলে জানিয়েছেন আইসিসি'র মুখপাত্র। তার পাশাপাশি ক্রিকেটকে বন্ধুত্বের উপলক্ষ হিসাবে দাবী করে তার মন্তব্য, "নিঃসন্দেহে নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সব সদস্যের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। কিন্তু আমাদের আরেকটা তথ্যও মনে রাখতে হবে। তা হলো ক্রিকেটের সেতুবন্ধনের ক্ষমতা আছে। ২০০৪ সালে ভারত প্রায় ১৫ বছর পর পাকিস্তান সফর করেছিল। তার ইতিবাচক দিক তো আপনারা দেখতেই পাচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫৫ঘ.