হারারে, ২৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটো ম্যাচ শ্রীলঙ্কার জন্য শুধুই আনুষ্ঠানিকতার লড়াই। শুক্রবার চতুর্থ ওয়ানডেতে সেই লড়াইয়ে শ্রীলঙ্কানরা কিন্তু সহজে জিততে পারেনি। অনেক কষ্টে সমস্যাসঙ্কুল জিম্বাবুইয়ানদের তারা মাত্র ২ উইকেটে হারিয়েছে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে মাহেলা জয়াবর্ধনের দলের জয়ের নায়ক দু জন --- অজন্তা মেন্ডিস ও জিহান মুবারক। 'রহস্যময়' স্পিনার মেন্ডিস তার ঘূর্ণি-জাদুতে ২৯ রানে ৬ উইকেট শিকার করায় ৪৬.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের সর্বোচ্চ ৩২ রান এসেছে দেবাংওয়ার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান মাসাকাদজার।
জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০১ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের আশঙ্কায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ৬০ রানে অপরাজিত থেকে ১৫ বল হাতে রেখেই গত বিশ্বকাপের রানার্সআপদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন মুবারক। ৩টি করে উইকেট নিয়েছেন মুপারিওয়া ও চিগুম্বুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.
bdnews24