২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স, বাউচারের সেঞ্চুরিতে ১০৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

মধ্যাহ্ন বিরতির পর এক স্পেলেই তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে মৃদু একটা ধাক্কা দিয়েছিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। কিন্তু অ্যাশওয়েল প্রিন্স আর মার্ক বাউচারের জোড়া সেঞ্চুরিতে সেই ধাক্কা সামলে উঠেছে স্বাগতিকরা। বাংলাদেশের ২৫০ রানের জবাবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৫৭ রান তুলেছে তারা, এগিয়ে গেছে ১০৭ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সেঞ্চুরিয়ন, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যাহ্ন বিরতির পর এক স্পেলেই তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে মৃদু একটা ধাক্কা দিয়েছিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। কিন্তু অ্যাশওয়েল প্রিন্স আর মার্ক বাউচারের জোড়া সেঞ্চুরিতে সেই ধাক্কা সামলে উঠেছে স্বাগতিকরা। বাংলাদেশের ২৫০ রানের জবাবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৫৭ রান তুলেছে তারা, এগিয়ে গেছে ১০৭ রানে। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি করে প্রিন্স অপরাজিত রয়েছেন ১১৫ রানে, আর পঞ্চম টেস্ট সেঞ্চুরি করা বাউচারের সংগ্রহ ১০২ রান। ষষ্ঠ উইকেটে ২২৩ রানের রেকর্ড ভাঙা জুটি গড়েছেন তারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে আগের রেকর্ডটি ছিল ঠিক ২০০ রানের, ১৯৬৯-৭০ মৌসুমের ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি গড়েছিলেন গ্রায়েম পোলক আর ল্যান্স। এর আগে মধ্যাহ্ন বিরতির পর প্রথম ঘণ্টায় সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ক্ষণিকের জন্য হলেও মোহাম্মদ আশরাফুলের দল পৌঁছে গিয়েছিল সুবিধাজনক স্থানে। চার ওভারের মধ্যেই জ্যাক ক্যালিস, হাশিম আমলা আর এবি ডিভিলিয়ার্সের উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। ২ উইকেটে ৯৭ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া স্বাগতিকদের সেরা ব্যাটসম্যান ক্যালিসকে (২৪) বোল্ড করে সেই বিপদের সূচনা করেছেন সাকিব। ৩ উইকেটে ১১২ থেকে ১৩৪ রানে যাওয়ার পর আবার তার আঘাত। তা-ও একটা নয়, পরপর দুটো। দারুণ আস্থার সঙ্গে খেলে ৭১ রান করা আমলাকে শর্ট কাভারে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়েছেন সাকিব। নতুন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ফিরেছেন সঙ্গে সঙ্গেই। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ডাউন দ্য উইকেটে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইন মিস করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়তে হয়েছে ডি ভিলিয়ার্সকে। দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম সাফল্যটা অবশ্য এনে দিয়েছিলেন মাহবুবুল আলম। প্রথম টেস্টে ১৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া প্রোটিয়া অধিনায়ককে (২৭) দিনের নবম ওভারেই এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা এই পেসার। ১ উইকেটে ২০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ২ উইকেটে ৪৭। প্রথম সেশনে অবশ্য বাংলাদেশকে আর কোনো উইকেট উপহার দিতে পারেননি বোলাররা। এর আগে বুধবার প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৫০ রান তুলেছিল বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/২১৫৫ ঘ.