২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার যদি স্মিথের মন গলে!

ব্যতিক্রমটাই সাধারণত মানুষের মনে থাকে বেশি। কিন্তু গ্রায়েম স্মিথের বেলায় দেখা যাচ্ছে কথাটা একদমই খাটছে না। এর আগে বাংলাদেশের সঙ্গে খেলা সাত টেস্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল কেবল গত ফেব্র"য়ারির মিরপুর টেস্টে। যেটিতে বাংলাদেশের ১৯২ রানের জবাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭০ রানে। অথচ ওই টেস্টটা নয়, স্মিথের বেশি মনে আছে অন্য ছয়টা টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের গল্প। ব্লুমফন্টেইনে এবার ইনিংস ও ১২৯ রানের অনায়াস জয়ও এতে কিছুটা ভুমিকা রেখে থাকবে হয়তোবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মাসুদ পারভেজ সেঞ্চুরিয়ন থেকে সেঞ্চুরিয়ন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যতিক্রমটাই সাধারণত মানুষের মনে থাকে বেশি। কিন্তু গ্রায়েম স্মিথের বেলায় দেখা যাচ্ছে কথাটা একদমই খাটছে না। এর আগে বাংলাদেশের সঙ্গে খেলা সাত টেস্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল কেবল গত ফেব্র"য়ারির মিরপুর টেস্টে। যেটিতে বাংলাদেশের ১৯২ রানের জবাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭০ রানে। অথচ ওই টেস্টটা নয়, স্মিথের বেশি মনে আছে অন্য ছয়টা টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের গল্প। ব্লুমফন্টেইনে এবার ইনিংস ও ১২৯ রানের অনায়াস জয়ও এতে কিছুটা ভুমিকা রেখে থাকবে হয়তোবা। তার ভিত্তিতেই সেঞ্চুরিয়ন টেস্টের আগেরদিন প্রোটিয়া অধিনায়ক অবলীলায় বলে দিয়েছিলেন, "ক্রিকেটটা তখনই উপভোগ্য হয়, যখন এতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে।" এমনিতে কথার জবাব কথা দিয়েই দেওয়ায় জুড়ি মেলা ভার বাংলাদেশ দলের। বেনোনীতে দ্বিতীয় ওয়ানডের পর গ্রায়েম স্মিথ তাদের খেলার ধরন নিয়ে সমালোচনার পরপরই ফুঁসে উঠেছিলেন কোচ জেমি সিডন্স এবং অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিন্তু পারফরম্যান্স দিয়েও জবাব দেওয়ার যে দায় ছিল, সেটা অন্তত ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টেস্টে পূরণ করতে পারেনি টাইগাররা। সেঞ্চুরিয়নেও পারবে বলে মনে হচ্ছিল না, ১৯৪ রানেই নবম উইকেট হারিয়ে ফেলার পর। প্রোটিয়া অধিনায়কের জন্য উপভোগ্য ক্রিকেটের শুরুটা এখান থেকেই। মাহবুবুল আলম রবীনকে নিয়ে মুশফিকুর রহিমের দশম উইকেট জুটি ভাঙ্গতে রীতিমতো মাথাকুটে মরতে হচ্ছিল ডেইল স্টেইন-মাখায়া এনটিনি-মরনে মরকেলদের। সুপার স্পোর্ট পার্ক স্টেইনের হোমগ্রাউন্ড, সঙ্গে মরনে মরকেলেরও। স্টেইনকে ভালোভাবে সামলে দিলেও মরকেলই এদিন বাংলাদেশের সর্বনাশ ডেকে এনেছিলেন। তার তোপে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার পর জলদি বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যাওয়াই ছিল প্রত্যাশিত। বিশেষ করে শাহাদাত হোসেনকে তুলে নিয়ে এই ইনিংসে স্টেইন তার উইকেটখরা কাটানোর পর তো সেটাকে সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপর রবীনকে সঙ্গে নিয়ে মুশফিকের লড়াই দলের অন্য ব্যাটসম্যানদের বুঝিয়ে দিল, সুপার স্পোর্ট পার্কের উইকেটে রান করাটা দুঃসাধ্য ছিল না কিছুতেই। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোরের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল মুশফিকের ব্যাটে। এবছরের মার্চে চট্টগ্রাম টেস্টে ২৫৯ রানই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ ২৫২ রান এসেছিল ২০০২ সালের ইস্ট লন্ডন টেস্টে। এই দুটোর কোনোটাই টপকানো যায়নি যদিও, তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে তৃতীয়বারের মতো আড়াইশো তো পার করা গেছে। নিজের তৃতীয় টেস্ট ফিফটি করার পথে স্টেইনের ওপরও চড়াও হতেও ছাড়েননি সকালে ওয়ার্ম আপের সময় বল লেগে ঠোটে সামান্য চোট পাওয়া মুশফিক। পরপর দুই ওভারে 'দি ফ্যালাবোরো এক্সপ্রেস'কে পুল করে মিডউইকেটের ওপর দিয়ে হাঁকানো দুটো ছক্কা তো এই ম্যাচে বাংলাদেশের প্রতিরোধের প্রতিশব্দই হয়ে গেছে। অবশ্য ৪৫ রানের মাথায় স্টেইনের বলেই একটা ক্যাচ তুলেছিলেন মিডঅফে, যেটা ধরতে পারেননি এনটিনি। শেষপর্যন্ত ৬৫ রান করা মুশফিক তার আগেই অবশ্য রবীনকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দশম উইকেটের রেকর্ড পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ২০০৩ সালে চট্টগ্রামে মোহাম্মদ সেলিম ও মাশরাফি বিন মর্তুজার ২৬ রানের পার্টনারশিপ টপকে তারা থেমেছেন ৫৬ রানে। আরেকটু হলে তো দশম উইকেটে বাংলাদেশের সেরা পার্টনারশিপের রেকর্ডটিই গড়া হয়ে যেত। এই রেকর্ডটা এখানো মোহাম্মদ রফিক ও শাহাদাত হোসেনের দখলে। ২০০৬ সালের এপ্রিলে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা। তবে বুধবার বাংলাদেশের আড়াইশো ছোঁয়ার পেছনে রবীনের অবদানের কথা আলাদা করে না বললেই নয়। রান করেছেন মাত্র ১ কিন্তু বল খেলেছেন ২৮টি আর উইকেটে থেকে ৫৯ মিনিট, যা আশরাফুল (৯ বল, ১৩ মিনিট), সাকিব আল হাসান (২৭ বল, ২৯ মিনিট) এবং মেহরাব হোসেন জুনিয়রদের (২০ বল, ৩০ মিনিট) চেয়ে ঢের বেশি। শেষ উইকেটে মুশফিক-রবীনের প্রতিরোধে এবার যদি মন গলে স্মিথের! আগেরদিন তো তিনি বাংলাদেশের ঢালাও সমালোচনাতেই মেতে উঠেছিলেন, "৫৬টা টেস্ট খেলে ফেলার পর তো দল হিসেবে আপনাদের উন্নতি করা উচিত। কিন্তু আমার সময়ে আমি বাংলাদেশের উন্নতি দেখলাম না। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি ৫৬ টেস্টের মধ্যে ৩২টিতেই ইনিংসের ব্যবধানে হেরেছে তারা। তাদের ভুল থেকে শিখতে দেখলাম না। তাদের উন্নতি দেখলে আমার ভালোই লাগবে। কিন্তু প্রশ্ন হল সেজন্য আর কতোদিন আমরা অপেক্ষা করবো?" ব্যতিক্রমের কথা যার মনে থাকে না তাকে দেখিয়ে দেওয়ার সেরা মঞ্চ বোধহয় এখন সেঞ্চুরিয়ন টেস্টই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৪০ঘ.