আহমেদাবাদ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহরিয়ার নাফীসের দারুণ ব্যাটিং আর অলক কাপালির অলরাউন্ড পারফরম্যান্সে ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএল-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেয়েছে 'বাংলাদেশ'। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাবিবুল বাশারের দল ৫ উইকেটে হারিয়েছে আইসিএল ভারত একাদশকে।
নাফীসের ৫৪ বলে অপরাজিত ৭০ আর অলকের ৩১ বলে ৪৪ রানের সুবাদে স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ১৬৫ রানের টার্গেট ৩ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে আইসিএল বাংলাদেশ। তৃতীয় উইকেটে .. রানের জুটি গড়েছে এই দুজন। এছাড়া আফতাব আহমেদ ২৬ এবং মোহাম্মদ রফিক ১৬ রান করেছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে স্বাগতিকরা। অধিনায়ক রাজগোপাল সতীশ সর্বোচ্চ ৪৪ এবং ইব্রাহিম খলিল ও স্টুয়ার্ট বিনি ২৭ রান করে করেন। বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ৪৮ রানে তিনটি এবং তাপস বৈশ্য ৩৩ রানে দুটি উইকেট পান। আর অলক ৪ ওভারে মাত্র ১৮ দিয়ে পান একটি উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসএইচ/১২১৮ ঘ.
bdnews24