মাসুদ পারভেজ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
জোহানেসবার্গ, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শুনলে যে কারো চোখ কপালে উঠে যেতে পারে। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার চার পেসার নিয়ে নামার সম্ভাবনার খবরে একটুও বিচলিত নন মোহাম্মদ আশরাফুল, বরং কিছুটা নির্ভার! ব্লুমফন্টেইনে যারা মাখায়া এনটিনি-ডেইল স্টেইন-মরনে মরকেলদের বিপক্ষে হাসফাঁস করেছেন, তাদের মুখে এমন কথা বেমানান লাগবেই যতোক্ষণ না এর ব্যাখ্যা একটা পাওয়া যাচ্ছে।
চার পেসার খেলালে প্রোটিয়াদের একাদশে কোনো স্পিনার থাকবেন না। ব্যাটিংয়ের সময় এটাই তার ব্যাটসম্যানদের অনেকটা নির্ভার রাখবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, "স্পিনারদের খেলতে গেলে আরো বেশি সাবধানী হতে হয়। কারণ তাদের বোলিংয়ের সময় সিলি, ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডার থাকে। ডিফেন্স করতে গিয়েও অনেক সময় ওখানে ক্যাচ চলে যায়। ওরা স্পিনার না খেলালে আমাদের অন্তত স্পিন খেলার ঝামেলাটা থাকবে না।"
কিন্তু তাতে কী? পেস বোলারদের সামলানোর ঝামেলা তো আরো বাড়িয়েই দিচ্ছে প্রোটিয়া শিবির। তবে আশরাফুলের কাছে এটাকে দীর্ঘস্থায়ী ঝামেলা বলে মনে হচ্ছে না, "ফাস্ট বোলারদের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা হল প্রথম দিকে কোনোভাবে তাদের বিপক্ষে সেট হয়ে যেতে পারলে পরে আর কোনো সমস্যা হয় না। তখন ফিল্ডিংও ছড়িয়ে-ছিটিয়ে যায়। যা ব্যাটসম্যানকে এনে দেয় বাড়তি সুবিধা।" এরকম কথা শুনে মনে হওয়া স্বাভাবিক, এই সুবিধাটা নেওয়ার জন্যই উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ শিবির। কিন্তু শুভঙ্করের ফাঁকিটাও লুকিয়ে আছে এখানেই। আশরাফুল যেমন বলেছেন বাড়তি সুবিধাটা নিতে হলে আগে প্রয়োজন পেস বোলারদের বিপক্ষে সেট হওয়া। আর এ কাজটাই তো করতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। কাজেই সুবিধাটাও পাচ্ছেন না।
দ্বিতীয় টেস্টের আগে তাই আশরাফুলের চাওয়া, দলের শুরুর দিকের ব্যাটসম্যানরা স্টেইনদের খেলার ঝামেলাটা পার করে দেবেন। আর একবার যদি তারা এই চাপটা দলের ওপর থেকে সরিয়ে দিতে পারেন তাহলে অন্যরাও অনায়াসেই খেলে দিতে পারবেন এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ভীতিকর হয়ে থাকা প্রোটিয়া পেসারদের, "টেস্ট ক্রিকেট বলেন আর ওয়ানডে, শুরুটা ভালো হয়ে গেলে পেস বল খেলাটা পরের দিকের ব্যাটসম্যানদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমাদের এই টেস্টে ভালো একটা শুরু দরকার। তাহলেই দেখবেন আর সমস্যা হচ্ছে না।''
ভালো শুরুর জন্য ইদানীং বাংলাদেশ দল সবচেয়ে বেশি তাকিয়ে থাকে যার দিকে, সেই তামিম ইকবালও অধিনায়কের সঙ্গে পুরোপুরি একমত। দক্ষিণ আফ্রিকার কঠিন উইকেটে মানিয়ে নেওয়া ব্যাটসম্যানদের জন্য একটা সমস্যা, এটা মনে করিয়ে দিয়েই এই ওপেনার বলেছেন, "আমরা এখানে প্রত্যাশার চেয়েও বেশি মানিয়ে নিতে পেরেছি। শুরুও পাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে ২০/৩০ রানের বেশি পার্টনারশিপ হচ্ছে না। এই শুরুটাকে যদি আমরা ৬০/৭০ কিংবা একশো রানে টেনে নিয়ে যেতে পারি, পরের দিকের ব্যাটসম্যানরা অনেক নির্ভার হয়ে খেলতে পারে।"
ফাস্ট বোলারদের ভয়ে আশরাফুলের মতো তামিমও তেমন ভীত নন। বলেছেন, "ভারত ও শ্রীলঙ্কার মতো দুয়েকটি ব্যতিক্রম বাদ দিলে আজকাল প্রায় সব টেস্ট দলই ফাস্ট বোলারদের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে তাদেরকে সামলাতেই হবে। কাজেই দক্ষিণ আফ্রিকা কয়জন পেস বোলার খেলাচ্ছে কী খেলাচ্ছে না, তা নিয়ে আমি খুব একটা ভাবছিই না।" তার ভাবনার জায়গাজুড়ে কোনটা, তা তো এখন খুব পরিষ্কার- স্টেইনদের সামলে দিয়ে দলকে দারুণ একটা শুরু দেওয়া। যে শুরুতেই এখন সমাধান খুঁজছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24