২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে যাওয়া আগের ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ!

দক্ষিণ আফ্রিকা দলে যখন মধুর সব সমস্যা, তখন বাংলাদেশ শিবির খড়কুটো আঁকড়ে ধরে আশার প্রদীপ জ্বালানোর চেষ্টা করছে। বুধবার থেকে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ কোত্থেকে অনুপ্রেরণা খুঁজছে জানেন? জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জোহানেসবার্গ, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা দলে যখন মধুর সব সমস্যা, তখন বাংলাদেশ শিবির খড়কুটো আঁকড়ে ধরে আশার প্রদীপ জ্বালানোর চেষ্টা করছে। বুধবার থেকে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ কোত্থেকে অনুপ্রেরণা খুঁজছে জানেন? ব্লুমফন্টেইনে হওয়া ঠিক আগের টেস্ট থেকে, যেটিতে বাংলাদেশের ভাগ্যে লেখা হয়েছে ইনিংস এবং ১২৯ রানের হার! জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। ওই টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ৪৯ আর দ্বিতীয় ইনিংসে মেহরাব হোসেন জুনিয়রের অপরাজিত ৪৩ রান তো অথৈ সাগরে ভেসে থাকা খড়কুটোর সঙ্গেই তুলনীয়। অথচ মঙ্গলবার এই ইনিংস দুটোর কথাই বারবার উঠে এল মোহাম্মদ আশরাফুলের কথায়। এখান থেকে ভালো কিছু করে দেশে ফেরার স্বপ্নকে তারাই রাঙ্গিয়ে তুলেছেন বলেও দাবি করলেন বাংলাদেশ অধিনায়ক, "ওরা দুজন সুন্দর খেলেছে। যা অন্য ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস বাড়িয়েছে। সত্যি কথা বলতে কী, মুশফিক-মেহরাবের ব্যাটিং দেখে মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার এই বোলিং অ্যাটাকের বিপক্ষেও ভালো কিছু করা সম্ভব।" কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেটের বাউন্সে যেমন অনভ্যস্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা, তেমনি সব সম্ভাবনার গলা টিপে ধরাতেও খুব অভ্যস্ত হয়ে গেছে টপ অর্ডার। এই টপ অর্ডার নিয়ে ভাবনায় আছে দক্ষিণ আফ্রিকাও। তবে তাদের ভাবনাকে 'সুখের অসুখ' বলাই বোধহয় সবচেয়ে ভালো। বাংলাদেশ সিরিজ শেষেই তারা যাবে অস্ট্রেলিয়ায় কঠিন এক সফরে। তার আগে পরীক্ষা-নিরীক্ষা করার কিছু চিন্তাভাবনাও ছিল। কিন্তু তাদের ব্যাটিং লাইনের প্রথম ছয়জন এতোই ভালো করছেন যে অন্যদের সুযোগ পাওয়ার কোনো কথাই উঠছে না। 'দি স্টার' পত্রিকার জাঁ পল ডুমিনিকে 'দুর্ভাগা' বলায় তাই আশ্চর্যের কিছু নেই। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে পারফরম্যান্সের দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছেন জ্যাক কালিস, তাও এবছর তিনি ইতিমধ্যেই পাঁচশোর বেশি রান করে ফেলেছেন। অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং ওপেনিংয়ে তার সঙ্গী নেইল ম্যাকেঞ্জিরা তো হাজার ছাড়িয়ে গেছেনই, স্মিথের সামনে সেঞ্চুরিয়ন টেস্টে আরেকটা হাতছানিও থাকছে। এই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টেস্ট রানের দিক থেকে বীরেন্দর শেবাগকে পেছনে ফেলার। এবছরই অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো টেস্ট আছে, তবে কাজটা সেঞ্চুরিয়ন টেস্টেই যতো বেশি সম্ভব এগিয়ে রাখতে চাইবেন স্বাভাবিক। পারফরমারদের ভিড়ে তাই অনাহুতের মতো কাউকে ঢুকিয়ে দিতে পারছে না প্রোটিয়া শিবির। ডুমিনিকে তাই তেমন কোনো প্রস্তুতি ছাড়াই যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়। প্রতিপক্ষ ব্যাটিং নিয়ে এমন নির্ভার যখন, তখন জেমি সিডন্সের কথাগুলোকে আকুতির মতোই শোনালো। মঙ্গলবার দুপুরে জোহানেসবার্গের হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনো থেকে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কের উদ্দেশে টিম বাসে ওঠার আগে বলে গেলেন, "এই ম্যাচে আমাদের টপ অর্ডারকে রান করতেই হবে।" টপ অর্ডারের কাছে এই দাবি জোরালো হওয়ার কারণ শোনা গেল আশরাফুলের মুখেও, "আমাদের সমস্যা হচ্ছে গত বেশ কিছুদিন ধরে টেস্টে আমাদের টপ অর্ডার রান পাচ্ছে না। অথচ তারা রান করলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজ অনেকটা সহজ হয়ে যায়।" কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য রান করাটাও যে সহজ কাজ নয়, তাও মনে করিয়ে দিতে ভুললেন না আশরাফুল, "দক্ষিণ আফ্রিকা যখন ভারতীয় উপমহাদেশে খেলতে যায়, তখন স্লো উইকেট পায়। আর আমরা এখানে এসে পাই বাউন্সি উইকেট। যেখানে ওদের বোলারদের সাধারণ ডেলিভারিই আমার মতো ব্যাটসম্যানের বুকের কাছে চলে আসে। এখানে রান করাটা তাই খুব কঠিন।" আরো কঠিন নাঈম ইসলামের মতো ব্যাটসম্যানের কাছে, যাকে এখনো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ঠিক প্রস্তুত বলে মনে হয় না কোচের। মনে হয় না ইমরুল কায়েসকেও। অধিনায়ক অবশ্য এক্ষেত্রে কোচের সঙ্গে একমত নন, "ওরা তো একাডেমী পর্যায়ে পারফরম করেই দলে এসেছে।" ইমরুল অবশ্য আরেকটা সুযোগ পাচ্ছেন। তবে নাঈম পাচ্ছেন না। তার জায়গায় গত টেস্টের ১২ জনের দলে থাকা রকিবুল হাসানের টেস্ট অভিষেকের বিষয়টা নিশ্চিতই করে দিলেন কোচ সিডন্স। "আমি যে করেই হোক রকিবুলকে খেলাতে চাই। যদিও আঙ্গুলের ইনজুরিটা এখনো ওর মাথায় কাজ করছে। এজন্য আত্মবিশ্বাসেও ঘাটতি আছে কিছুটা। একটু পরে নেটে গিয়ে দেখবো। যদি তেমন কোনো সমস্যা না হয়, তাহলে ও খেলছেই" - দল নিয়ে সুপার স্পোর্ট পার্কে অনুশীলনে রওনা হওয়ার আগে বলছিলেন এই অস্ট্রেলিয়ান। গত টেস্টে অভিষেকের পর হাবুডুবুই খেয়েছেন ইমরুল। অভিষেকের সময় রকিবুল সামনে পাচ্ছেন আরো শক্ত দক্ষিণ আফ্রিকাকে। যারা পেস বোলিংয়ে বাংলাদেশের দূর্বলতা কাজে লাগাতে নামছে চারজন পেসার নিয়ে। সঙ্গে তুখোড় ফর্মে থাকা ছয় ব্যাটসম্যান তো আছেনই। আছেন বিশ্বরেকর্ডধারী উইকেটকিপার মার্ক বাউচারও, যিনি ব্যাট হাতেও বেশ মারদাঙ্গা। এই ব্যাটসম্যানদের বিপক্ষে সাফল্যের সূত্র জানাতে গিয়ে আশরাফুল বললেন, "গত টেস্টের দ্বিতীয় দিনে গিয়ে আমরা ভালো বোলিং করেছি। এবার শুরু থেকেই ভালো বোলিংটা চাই।" অভাবের সংসারে টানাপড়েনের মধ্যেও কিছু সুখ থাকে। শেষ টেস্টে ব্লুমফন্টেইনের টুকরো টুকরো সুখগুলোই সঙ্গী হচ্ছে বাংলাদেশের। আশরাফুল একারণেই একেবারে হাল ছাড়া মাঝি নন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.