২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের লড়াই আর শ্রীলঙ্কার সিরিজ জয়

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। তবে সোমবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কানদের দুশ্চিন্তায় ফেলে দিয়ে জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্খিত অঘটনটা ঘটাতে পারেনি তারা। নাটকীয়তা আর উত্তেজনায় ভরা এক ম্যাচে ৫ রানে জিতে ৫ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে জয়াবর্ধনের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

হারারে, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। তবে সোমবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কানদের দুশ্চিন্তায় ফেলে দিয়ে জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্খিত অঘটনটা ঘটাতে পারেনি তারা। নাটকীয়তা আর উত্তেজনায় ভরা এক ম্যাচে ৫ রানে জিতে ৫ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে জয়াবর্ধনের দল। বৃষ্টির কারণে ২৮ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৭ উইকেটে ১৭১ রান করেছিল টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। সফরকারীদের সংগ্রহ ওভারপ্রতি ৬এর ওপরে নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান সাঙ্গাকারার ৫৭ রানের। এছাড়া থারাঙ্গা (২৯) ও কাপুগেদেরাও (২৮) অবদান রেখেছেন দলকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে। মুপারিওয়া ও চিগুম্বুরার শিকার যথাক্রমে ৪ ও ৩ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বিশাল পরাজয়ের লজ্জায় পড়েছিল জিম্বাবুয়ে। সেই হতাশাকে পেছনে ফেলে সোমবার দলকে ৭৬ রানের দারুণ এক উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন মাসাকাদজা ও সিবান্দা। তুশারা সিবান্দাকে (২৫) ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেও সাবেক অধিনায়ক টাইবুকে নিয়ে ভালো ভাবেই এগিয়ে যাচ্ছিলেন মাসাকাদজা। কিন্তু ৭১ বলে ৭৭ রান করা মাসাকাদজাকে আউট করে স্বাগতিকদের আবারো ধাক্কা দিয়েছেন তুশারা। তারপরও টাইবু থাকায় জয়ের আশা করতে পারছিল জিম্বাবুয়ে। তবে মুরালিধরন ও অজন্তা মেন্ডিসের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত উইকেট হারানোর সঙ্গে সঙ্গে আস্কিং রেটও বেড়ে যাওয়ায় তাদের সেই আশা পূরণ হয়নি। টাইবুর ৩১ এবং মাৎসিকেনেরির ১০ বলে ১৯ রানের 'ক্যামিও' ইনিংসের পরও ৭ উইকেটে ১৬৬র বেশি করতে পারেনি স্বাগতিকরা। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২১ রানের। মেন্ডিসের করা ২৭তম ওভারে মাৎসিকেনেরি একটি করে চার ও ছক্কায় ১১ রান তুলে নিলে শেষ ওভারে দরকার হয় ১০ রানের। তবে মুরালি শেষ ওভারের প্রথম বলেই মাৎসিকেনেরিকে এলবিডব্লু করায় ম্যাচ আবার হেলে পড়ে শ্রীলঙ্কানদের দিকে। পরের ৪ বলে মাত্র ৪ রান ওঠায় শেষ বলে ছক্কা মারতে হতো মুপারিওয়াকে। কিন্তু মুরালিকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে যান তিনি। আর শ্রীলঙ্কানরাও পেয়ে যায় ৫ রানের নাটকীয় জয়। যে জয়ে দুটি করে উইকেট করে নিয়ে বড় অবদান মুরালি, মেন্ডিস ও তুশারার। জিম্বাবুইয়ানদের একটাই সান্ত্বনা, দারুণ এক ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসাকাদজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২২৫ঘ.