২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লুজনারের কাছে হেরে গেল 'বাংলাদেশ'

ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৬৪ রান, তারপর বল হাতে ১৮ রান দিয়ে তিন উইকেট। ল্যান্স ক্লুজনারের এই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই হেরে গেছে 'আইসিএল বাংলাদেশ'। রোববার ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 'বাংলাদেশ' নাম নিয়ে খেলতে নামা হাবিবুল বাশারের দল তাদের প্রথম ম্যাচে ক্লুজনারের বিশ্ব একাদশের কাছে হেরে গেছে ১২ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

আহমেদাবাদ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৬৪ রান, তারপর বল হাতে ১৮ রান দিয়ে তিন উইকেট। ল্যান্স ক্লুজনারের এই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই হেরে গেছে 'আইসিএল বাংলাদেশ'। রোববার ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 'বাংলাদেশ' নাম নিয়ে খেলতে নামা হাবিবুল বাশারের দল তাদের প্রথম ম্যাচে ক্লুজনারের বিশ্ব একাদশের কাছে হেরে গেছে ১২ রানে। রিপোর্টের শুরুতে দেওয়া পরিসংখ্যানই বলে দিচ্ছে, ল্যান্স ক্লুজনারের সাফল্যের গল্প। কিন্তু সবটা বলছে না। কারণ, ক্লুজনার যখন বল হাতে নেন, শাহরিয়ার নাফীস (৩২), নাজিম উদ্দিন (২০) আর আফতাব আহমেদদের (২৯) দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের জয়কে তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার! ১৬৭ রান তাড়া করতে নেমে ৯ ওভার শেষে স্কোর ২ উইকেটে ৭৬, উইকেটে শাহরিয়ার নাফীস আর অলক কাপালি। কিন্তু ক্লুজনারের প্রথম ওভারটা থেকেই শুরু ম্যাচের অবিশ্বাস্য এক পালাবদলের। অলক কাপালিকে (১) ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ওই ওভারে তিনি দিলেন মাত্র ১ রান। আর সেখান থেকেই শুরু হলো হাবিবুলের দলের পতনের! মাত্র ২০ বলে, ১৪ রানের মধ্যে ৬ উইকেট হারালো তারা, একদম আসল বাংলাদেশের কথাই মনে করিয়ে দিয়ে। এই ৬ উইকেটের তিনটি ক্লুজনারের! এরপর মোহাম্মদ রফিক (২০), মোশাররফ হোসেন (২৮*) আর তাপস বৈশ্যরা (১৩) সাধ্যমতো লড়েছেন, কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে খানিকটা। ২০ ওভারে বিশ্ব একাদশের উইকেটে ১৬৭ রান তারা করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে ৯ উইকেটে ১৫৫। এর আগে ক্লুজনারের ব্যাটে ভর করেই জয়ের পুঁজি গড়েছিল আইসিএল বিশ্ব একাদশ। ঢাকা ওয়ারিয়র্স থেকে আইসিএল বাংলাদেশে রূপান্তরিত দলের অধিনায়ক হাবিবুল বাশার টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠান ক্রিস হ্যারিসের দলকে। শুরুতে রফিক দ্রুত ২ উইকেট নিয়ে ওদের স্কোর ৩ উইকেটে ৩৯-এ পরিণত করেছিলেন। কিন্তু ক্লুজনার এবং নিকি বোয়ের ৩৮ বলে ৫৫ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে বিশ্ব একাদশ। ক্লুজনার শেষপর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৬৩। ৪৯ বলের এই ইনিংসে চারটি বাউন্ডারি ছাড়াও তিনি মেরেছেন দুটো ছক্কা। আর নিকি বোয়ে ৩৪ রান করেছেন ২৩ বলে। নিজের প্রথম বলেই উইকেট নেয়া রফিক ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। মোশাররফ রুবেল ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। তাপস তার ১ উইকেটের জন্য ব্যয় করেছেন ৪০ রান। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসএইচ/১২১৮ ঘ.