ব্যাঙ্গালোর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- টস হেরে ব্যাট করতে নেমে ২২ ওভারে ভারত তুলেছিল ৪ উইকেটে ১৬৬। জবাব দিতে নেমে ওই ২২ ওভারেই ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৭৮। কিন্তু তারপরও ম্যাচটা জিততে পারেনি ইংল্যান্ড। ক্রিকেটের বৃষ্টি-আইন ডাকওয়ার্থ-লুইসের জটিল হিসেবে ১৯ রানে হেরে গেছে তারা। আর টানা চার ম্যাচ জিতে তিন ম্যাচ হাতে রেখেই ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতা নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
ওয়েইস শাহ (৪৮ বলে ৭২) আর অ্যান্ড্রু ফ্লিন্টফের (৩০ বলে ৪১) দারুণ দুুটি ইনিংস ইংল্যান্ডকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিল। কিন্তু ওই দুজনের বিদায়ের পর আর কেউ তেমন করে লড়তে পারেননি জহির খান (২/২০), মুনাফ প্যাটেল (২/)২২ আর ইশান্ত শর্মাদের (২/৪১) বিপক্ষে।
টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। প্রথম দফা বৃষ্টি নামার আগে ১৪ ওভারে টেন্ডুলকারের (১১) উইকেট হারিয়ে ভারত করেছিল ৮২। দারুণ শুরু, কিন্তু তখনই বৃষ্টির বাধা। স্বল্প সময়ের এই বাধা পেরিয়ে দ্বিতীয় দফা ম্যাচ শুরু হলে ভারত আরও ও ওভার ব্যাট করে স্কোর দাঁড় করায় ১৭ ওভারে ১ উইকেটে ১০৬। তারপরই বৃষ্টির দীর্ঘ বিরতি। তাতে ম্যাচ পণ্ড না হলেও শেষপর্যন্ত সেটা নেমে আসে ২২ ওভারে। ভারত তাই সুযোগ পায় আর মাত্র ৫ ওভার ব্যাট করার এবং তাতে তারা যোগ করে ৬০ রান। সব মিলিয়ে স্কোর ২২ ওভারে ৪ উইকেটে ১৬৬।
শেষ ৫ ওভারের ঝড়ের মূল কৃতিত্ব দারুণ ফর্মে থাকা যুবরাজের। মাত্র ১১ বলে তিনটি বিশাল ছক্কাসহ ২৫ রান করেছেন তিনি। ধোনি ৫ বলে একটি বিশাল ছক্কাসহ করেছেন ৯ আর মাত্র এক বল খেলার সুযোগ পাওয়া ইরফান পাঠান বিশাল এক ছক্কা মেরে পালন করেছেন তার দায়িত্ব। তবে বৃষ্টির আগ-পর সব মেলালে শেবাগই ভারতের ব্যাটিং নায়ক। ৫৭ বলে ৯টি বাউন্ডারি এবং তিনটি ছক্কাসহ ৬৯ রান করেছেন তিনি।
শচীন টেন্ডুলকারকে জায়গা করে দিতে এই ম্যাচে ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। অন্যদিকে ইংল্যান্ড তৃতীয় ম্যাচের দলে কোনো পরিবর্তন করেনি।
৭ ম্যাচের এই সিরিজের প্রথম তিন ম্যাচেই জিতেছে ভারত। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে সফরকারী ইংল্যান্ডকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/২২১৫ঘ.
bdnews24