২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেন টেস্টে ১৪৯ রানে জিতেছে অস্ট্রেলিয়া

তৃতীয় দিনশেষেই নিউজিল্যান্ডকে চোখ রাঙাচ্ছিল পরাজয়, ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে একঘন্টার মধ্যেই সেটা পরিণত হয়েছে বাস্তবে। মাইকেল জনসনের পাঁচ উইকেট শিকারে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৭৭ রানেই শেষ করে দিয়ে ১৪৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২ টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১-০ তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ব্রিসবেন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দিনশেষেই নিউজিল্যান্ডকে চোখ রাঙাচ্ছিল পরাজয়, ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে একঘন্টার মধ্যেই সেটা পরিণত হয়েছে বাস্তবে। মাইকেল জনসনের পাঁচ উইকেট শিকারে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৭৭ রানেই শেষ করে দিয়ে ১৪৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২ টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১-০ তে। আগের দিনের ৬ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলতে নেমে এদিন সকালে আর মাত্র ৩৪ রান যোগ করেই অলআউট হয়ে গেছে কিউইরা। সফরকারীদের সর্বনাশটা করেছেন জনসনই (৫/৩৯)। ড্যানিয়েল ভেট্টোরিকে দিয়ে শুরু। নিউজিল্যান্ড অধিনায়কের প্রতিরোধ ভাঙতে অবশ্য তাকে দারুণ সাহায্য করেছেন দলে ফেরা অ্যান্ড্রু সাইমন্ডস, এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে। নিজের পরের ওভারেই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোরার রস টেলরকেও (৭৫) ফিরিয়েছেন জনসন, আর স্টুয়ার্ট ক্লার্ক (৪/৪৩) ইয়ান ও'ব্রায়েনকে মাইকেল ক্লার্কের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিলে ১৫ মিনিটের মধ্যেই তিন উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। টিম সাউদি এরপর ক্লার্ককে দুটি ছক্কা মেরে পাল্টা আক্রমণের আভাস দিলেও সেটা স্থায়ি হয়নি বেশিক্ষণ, ক্রিস মার্টিনের মিডল স্টাম্প উপড়ে ফেলে ম্যান অব দ্য ম্যাচ জনসন শেষ করে দিয়েছেন সবকিছু। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২১৪ রানের জবাবে ১৫৬ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ক্যাটিচের (১৩৭) সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া তুলেছিল ২৬৮ রান। নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টোরি অবশ্য জনসনের বোলিংয়ে চেয়েও বড় করে দেখছেন ক্যাটিচ আর প্রথম ইনিংসে ৯৮ রান করা মাইকেল ক্লার্কের ব্যাটিংকে, "বল হাতে আমরা শুরুটা ভালোই করেছিলাম, যেমন চেয়েছিলাম অস্ট্রেলিয়াকে ঠিক সেই অবস্থাতেই নিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু পেছন ফিরে তাকালে মানতে হবে, প্রথম ইনিংসে মাইকেল ক্লার্ক আর দ্বিতীয় ইনিংসে ক্যাটিচের দুটি দারুণ ইনিংস ব্যবধান গড়ে দিয়েছে এই টেস্টে।" অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও ঠিক সন্তুষ্ট হতে পারছেন না জয় পেয়েও, "যেটা করা দরকার ছিল আমরা করেছি, ব্যক্তিগতভাবে কয়েকজন দারুণ পারফরম্যান্সও করেছেন। আমার মনে হয় আমরা ভালো বোলিং করেছি, ফিল্ডিংও ভালোই ছিল কিন্তু আমাদের ব্যাটিংটা খুব ভালো হয়নি।" ২৮ নভেম্বর থেকে শুরু হতে পাওয়া শেষ টেস্টে সেই ব্যাটিংয়েও ভালো করতে চাইবেন, জানিয়ে রেখেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৭ ঘ.