মাসুদ পারভেজ
ব্লুমফন্টেইন থেকে
ব্লুমফন্টেইন, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন সন্ধ্যায় এসএবিসি (সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন) টেলিভিশনের সন্ধ্যার খবরে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্টের শিরোনাম, "কিকেন মুরত"। এটা দেখে অবশ্য বোঝার উপায় ছিল না মোহাম্মদ আশরাফুলদের এখানে কী চোখে দেখা হচ্ছে! শনিবার আফ্রিকানস ভাষার এই শব্দ দুটোর অর্থোদ্ধার করতে গিয়ে তাই বিব্রতই হতে হল। ইংরেজিতে এর অর্থটা দাঁড়ায়, "চিকেন মার্ডার"।
আফ্রিকানস ভাষার অন্যতম সেরা দৈনিক ফোকসব্লাডের সাংবাদিক ইয়োহান ডে ইয়াগার জানালেন এই শব্দযুগল বহুচর্চিতই, "বাংলাদেশের সঙ্গে খেলা হলে এখানকার রিপোর্টারদের লেখায় 'কিকেন মুরত' চলে আসেই।" ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশ দলের যা পারফরম্যান্স তাতে অপমানজনক শব্দ দুটো ব্যবহারের অবাধ সুযোগ আবারো মিলে গেছে তাদের সামনে। ইনিংস ও ১২৯ রানে হারের পর গ্রায়েম স্মিথ না আবার কথার তীরে বিদ্ধ করেন বাংলাদেশকে, এমন একটা আশঙ্কাও ছিল।
এর আগে বেনোনিতে দ্বিতীয় ওয়ানডের পর তো বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রবল সমালোচনায় মেতেছিলেন প্রোটিয়া অধিনায়ক। এবার সেরকম কিছু বলার সুযোগ না দিতেই বাংলাদেশের এক সাংবাদিক তাকে জানালেন, বাংলাদেশ তো অন্তত নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছে। গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে এসে সিরিজের প্রথম টেস্টে কিউইরা দুই ইনিংস মিলিয়ে করেছিল ২৯০ রান। বাংলাদেশ করেছে তার চেয়ে ২২ রান বেশি (১৫৩ ও ১৫৯)।
শুনে মৃদু হাসলেন ১৫৭ রানের ইনিংসের জন্য এই টেস্টের ম্যান অফ দি ম্যাচ স্মিথ। এবং এরপর যা বললেন তাতে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হল, ২০০৭ সালে নিউজিল্যান্ডের জায়গায় বাংলাদেশ থাকলে অবস্থা আরো শোচনীয়ই হত, "বাংলাদেশ নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুব কঠিন। নিউজিল্যান্ড যখন এখানে এসেছিল, তখন ব্যস্ত একটা মৌসুমের মাঝখানে আমরা তুখোড় ফর্মে ছিলাম। আর এই টেস্টটা আমরা খেললাম বেশ কিছুদিন পর।"
আড়ষ্টভাব তাড়ানোর এই টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশের টপঅর্ডার গুঁড়িয়ে দেওয়ার পর তাদের মাঝে একটু আয়েশী ভাবও বোধহয় চলে এসেছিল। না হলে প্রোটিয়া অধিনায়ক বলতেন না, "দুই ইনিংসেই কিন্তু টেল এন্ডাররা বাংলাদেশকে রান দিয়েছে। তবে প্রতিটা ইনিংসেই আমরা তাদের ৮০ রানে ৫ উইকেট কিংবা ৮০ রানে ৬ উইকেট, এই অবস্থায় পেয়েছি আমরা। অবশ্য বাংলাদেশের টপ অর্ডারের কাছে ভালো পারফরম্যান্সই আশা করেছিলাম আমি।"
এই আশাটা সবচেয়ে বেশি দেশের মানুষই করে। তাদের হতাশায় ডোবানোর পর মোহাম্মদ আশরাফুল এসে অসহায়ের মতো বললেন, "এখানকার উইকেটে যেধরনের বাউন্স, তাতে আমরা অভ্যস্ত নই। টেস্ট ক্রিকেটটা আসলে খুব কঠিন।" দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলার পরও আউটস্যুরেন্স ওভালের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়েছে বাংলাদেশ অধিনায়কেরও। মাখায়া এনটিনির সামান্য লাফিয়ে ওঠা বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়েছে গালিতে নিল ম্যাকেঞ্জির হাতে।
নিজের ওই আউট প্রসঙ্গে আশরাফুলের তবু একটা ব্যাখ্যা আছে, "বলটা ছেড়ে দিতে পারলে ভালো হত। কিন্তু দেরি করে ফেলেছিলাম।" কিন্তু সাকিব আল হাসানের আউটের কোনো ব্যাখ্যাই নেই। অধিনায়ক সাজঘরে ফেরার চার বল পরই ডেল স্টেইনের শর্ট ডেলিভারি কাট করবেন না ছেড়ে দেবেন, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে উইকেটের পেছনে ক্যাচ হয়েছেন মার্ক বাউচারের। শর্ট কাভারে বল ঠেলে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে যাওয়া মেহরাব হোসেন জুনিয়র হয়েছেন মুশফিকুর রহিমের রানআউটের কারণ।
ওই রানআউটটা যে দেখার জন্য একদমই ভালো ছিল না, তা স্বীকার করে নিয়েছেন অধিনায়কও, "মুশফিকের রান আউট আসলেই খুব বাজে হয়েছে। কারো (মেহরাব) কাছে হয়তো সিঙ্গেল নেওয়া সম্ভব বলেই মনে হচ্ছিল।" আগেরদিন ব্যাটসম্যানদের পক্ষে দীর্ঘক্ষণ ব্যাট করে যাওয়া জেমি সিডন্স এখন কী বলবেন কে জানে! এটা তো নিশ্চয়ই চার মারার বল ছিল না যে চালিয়ে দিতেই হত! তবে দক্ষিণ আফ্রিকায় আসতে হবে, এটা তো বহুদিন আগে থেকেই বাংলাদেশ দলের জানা। এখানে কী ধরনের উইকেট অপেক্ষা করে থাকবে কিংবা বোলিং অ্যাটাকটা কেমন হবে, এসবও তো তাদের অজানা ছিল না।
এজন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়ার পরেও কেন এই হাল? এমন প্রশ্নের জবাবে আশরাফুলের ঢাল হয়ে যায় অন্য দলগুলো, "আমরা উন্নতি তো করছি। কিন্তু দক্ষিণ আফ্রিকাতে এসে টেস্ট খেলা যে কোনো দলের জন্যই খুব কঠিন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে ভালোই খেলেছিলাম। যদিও ওখানে ভিন্ন উইকেট ছিল। এখানকার উইকেটের বাউন্সের জন্য আমাদের সমস্যা হয়েছে।"
দেশের বাইরে এসে তো নিজেদের মনমতো উইকেট পাওয়ার আশা করা বৃথা। ব্যাটসম্যানদের কাছে তাই প্রত্যাশা ছিল টেস্ট ক্রিকেটটা টেস্ট ক্রিকেটের মতো করেই খেলবেন তারা। দেখাবেন উইকেটে টিকে থাকার ধৈর্য্য। কারো মাঝে হয়তো কিছুক্ষণ সেটা দেখা গেছে, তবে পরমুহূর্তেই আবার মতিভ্রম। এর পেছনেও একটা কারণ দাঁড় করাচ্ছেন আশরাফুল। আগেরদিন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীর আউটের প্রসঙ্গ টেনে বললেন, "তামিম-জুনায়েদ যে দুই বলে আউট হয়েছে দুটোই চার মারার বল ছিল। আসলে যতক্ষণই খেলেন রান না করলে উইকেটে সেট হওয়া কঠিন। দুই ঘন্টা ব্যাটিং করার পরও রান না করলে কঠিন সেট হওয়া। রান করলে ব্যাটসম্যান সেট হয়। আমরা এ ধরনের বাউন্সে অভ্যস্ত না তাই কিছুক্ষণ ছেড়ে খেলার পর শট খেলতে গেলে তা ঠিকমতো হয় না।"
তাদের শট ঠিকমতো না হওয়ার ফল প্রোটিয়া পেসারদের উইকেটের ঝুলিভরা। দ্বিতীয় ইনিংসে একটু বেশিই ভরিয়ে নেওয়া ডেল স্টেইন (৫/৬৩, প্রথম ইনিংসে ২/৩৬) এদিনই হরভজন সিংকে (৫৫) ছাড়িয়ে এই বছরের সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারী বনে গেছেন। ৫৯ উইকেট নিয়ে হরভজনের সঙ্গে দারুণ এক লড়াই-ই চলছে তার। তাতে অবশ্য একটু সবিধাজনক অবস্থায়ই আছেন হরভজন, কারণ এবছর ভারতের আর দুটো টেস্ট ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। স্টেইনের সামনে আরো তিনটা টেস্ট থাকলেও দুটোতেই দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ভারতের কাছে হেরে আহত বাঘের মতো হিংস্র অস্ট্রেলিয়াকে।
কাজেই 'ফ্যালাবোরা এক্সপ্রেস'কে সেঞ্চুরিয়নে ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে পরের টেস্টেই যা করার করে নিতে হবে। ব্লুমফন্টেইনে 'চিকেন মার্ডার' করার পর সেঞ্চুরিয়নেও নিশ্চয়ই জিভে জল এসে থাকবে দক্ষিণ আফ্রিকার উত্তরে ক্রুগার ন্যাশনাল পার্কের সীমান্তবর্তী এলাকা বুশফেল্ডের ফ্যালাবোরা থেকে উঠে আসা এই পেসারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০২১ ঘ.
bdnews24