করাচি, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্জুনা রানাতুঙ্গা, ক্লাইভ লয়েডদের পর এবার জাভেদ মিয়াঁদাদকেও পাশে পেলেন ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, আইসিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের ফিরিয়ে আনার ব্যাপারে 'জনমতের প্রচন্ড চাপ' আছে। তাদের ব্যাপারে পিসিবির ভাবনায় যে পরিবর্তন আসছে, তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, আগের বোর্ডের সদস্যরা মিলে অতীতে যে সব সিদ্ধান্ত নিয়েছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বর্তমান বোর্ডের!
এদিকে সদ্য আইসিএলে যোগ দেওয়া মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে শুরু করা আইনি প্রক্রিয়াও আপাতত স্থগিত করেছে পিসিবি।
ইউসুফসহ পাকিস্তানের জাতীয় দলের সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়ই যোগ দিয়েছেন অনুমোদনহীন এই ভারতীয় ক্রিকেট লিগে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিষিদ্ধ করেছে ওই টুর্নামেন্ট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে। বিসিসিআইর চাপেই অন্য দেশের বোর্ডগুলোও নিষিদ্ধ করেছে আইসিএল ক্রিকেটারদের। বাংলাদেশের মতো সেই দলে আছে পাকিস্তানও। কিন্তু মিয়াঁদাদ মনে করেন, জনমতের কথা ভেবে হলেও ফিরিয়ে আনা প্রয়োজন তাদের, "আইসিএলে খেলা ক্রিকেটারদের ফিরিয়ে আনার ব্যাপারে জনমতের দারুণ চাপ আছে। ওরাও জাতীয় দলে খেলতে প্রস্তুত। এই সমস্যার সত্যিকারের সমাধান পেতে আইসিএল, আইপিএল আর ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের একসঙ্গে বসে আলোচনা করতে হবে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৫৩ ঘ.
bdnews24