ব্লুমফন্টেইন, ২১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচের যা অবস্থা, তাতে বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারে একমাত্র প্রকৃতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে সেই প্রকৃতির সাহায্য খানিকটা পেয়েছেও মোহাম্মদ আশরাফুলের দল। বজ্র-বৃষ্টির কারণে এদিন লাঞ্চের পর আর খেলাই হয়নি। তবে তার আগে যেটুকু খেলা হয়েছে, তাতেই আরো দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের স্কোর ৩ উইকেটে ৬৭। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ২২১ রান।
হঠাৎ করেই শুরু হওয়া বৃষ্টির কারণে সকালে মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়েছিল নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে। মধ্যাহ্ন বিরতির নির্ধারিত সময় পার হয়ে চা বিরতির সময় হয়ে এলেও বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা। তার কিছুক্ষণ পরেই অবশ্য থেমে গেছে বৃষ্টি।
১ উইকেটে ২০ রান নিয়ে শুরু করা বাংলাদেশকে তৃতীয় দিনে প্রথম ধাক্কা দিয়েছেন মাখায়া এনটিনি, ২০ রান করা তামিম ইকবাল উইকেট কিপার মার্ক বাউচারের গ্লাভসবন্দী করে। তখন স্কোর ছিল ২ উইকেটে ৪৫ রান। আর ২২ রান যোগ হওয়ার পর আউট হয়েছেন জুনায়েদ সিদ্দিকী। ২৭ রান করে জ্যাক ক্যালিসের বলে তিনিও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
খারাপ আবহাওয়ার কারণে আগেই মধ্যাহ্ন-বিরতি হয়ে যাওয়ায় প্রথম সেশনে ১৯.২ ওভারের বেশি হতে পারেনি। মধ্যাহ্ন-বিরতির সময় মোহাম্মদ আশরাফুল অপরাজিত ছিলেন ৭ রানে। তার সঙ্গে থাকা মেহরাব জুনিয়র তখনো কোনো রান করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/১৯৩৫ ঘ.
bdnews24