২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডোনাল্ডের উপহাস আর প্রিটোরিয়াসের ভবিষ্যদ্বানীই তো সত্য হচ্ছে!

বাংলাদেশের প্রথম ইনিংস একশো পেরুবে কী পেরুবে না এই নিয়ে যখন সংশয়, তখনই কাছে পাওয়া গেল অ্যালান ডোনাল্ডকে। যার জ্বালাধরা মন্তব্যে খুব নাখোশ হয়েছিল বাংলাদেশ শিবির। এর একটা জবাব দেওয়ার তীব্র ইচ্ছে জেগে থাকলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে তার কোনো প্রতিফলনই নেই। যে কারণে ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ডোনাল্ড এমন এক হাসি দিলেন যার অর্থ এরকমই দাঁড়ায়, "আমি তো আগেই বলেছিলাম।" ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ব্লুমফন্টেইন, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের প্রথম ইনিংস একশো পেরুবে কী পেরুবে না এই নিয়ে যখন সংশয়, তখনই কাছে পাওয়া গেল অ্যালান ডোনাল্ডকে। যার জ্বালাধরা মন্তব্যে খুব নাখোশ হয়েছিল বাংলাদেশ শিবির। এর একটা জবাব দেওয়ার তীব্র ইচ্ছে জেগে থাকলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে তার কোনো প্রতিফলনই নেই। যে কারণে ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ডোনাল্ড এমন এক হাসি দিলেন যার অর্থ এরকমই দাঁড়ায়, "আমি তো আগেই বলেছিলাম।" ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। ধারাভাষ্যে তারা আবার তার পালা এসে যাওয়ার পর দৌড়ে চলে যাওয়ার আগে বলে গেলেন, "ইটস নট অ্যা গ্রেট পারফরম্যান্স।" গ্রেট পারফরম্যান্স যে নয় তা বোঝার জন্য ডোনাল্ড হওয়া লাগে না। ১ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১০৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে, টিভিতে এই অবস্থা দেখে চটজলদি বাংলাদেশের জার্সি পরে কিম্বার্লি থেকে রওনা হয়ে যান পাঁচ বাংলাদেশী তরুণ। উদ্দেশ্য মাঠে বসে মোহাম্মদ আশরাফুলদের ব্যাটিং দেখা। কিন্তু দুই ঘন্টায় কিম্বার্লি থেকে ব্লুমফন্টেইনে পৌছেই দেখলেন ৩ উইকেটে ৩৩ রান নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। তাদের হতাশার কথাটা এখানে না বললেও চলছে। টেস্ট ক্রিকেট খেললে লম্বা সময় ব্যাটিং করার প্রস্তুতি থাকতে হয়। নেমেই তেঁড়েফুড়ে খেলার মানসিকতা পরিত্যাগ করতে হয়। সকালেই কথাগুলো বলছিলেন কেপলার ওয়েসেলস। দল চরম বিপদে থাকার পরও চা বিরতির পর অধিনায়কের ব্যাটে সেটা দেখা গেল না। মুখোমুখি হওয়া একাদশ বলেই চালিয়ে খেলতে গেলেন ডেইল স্টেইনকে। সুবাদে ক্যাচ হলেন গালিতে। এরপর উইকেটে আসা-যাওয়ার মিছিল চলতেই থাকলো। নবম উইকেটে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম ৬০ রানের পার্টনারশিপ গড়ে দলকে একশোর নীচে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচালেন বটে, তবে তার ৪৯ রানের ইনিংস কখনোই ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখাতে পারেনি। দেখাবেন কী করে? এর আগেই তো দলের প্রথম সারির ব্যাটসম্যানরা সব সম্ভাবনার অপমৃত্যু ঘটিয়ে গেছেন। এমন নয় যে প্রাণঘাতী বোলিংও করেছেন মাখায়া এনটিনি-ডেইল স্টেইন-মরনে মরকেলরা। তাই বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকান বোলারদের কৃতিত্ব না যতোটা তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার। কিম্বার্লিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচে হাস্যকরভাবে আউট হওয়া জুনায়েদ সিদ্দিকী এখানেও প্রায় একইভাবে আউট হয়েছেন। স্টেইনের বল তামিম ইকবালের ব্যাট আর প্যাডের বিশাল ফাঁক গলে আঘাত হেনেছে উইকেটে। অভিজ্ঞদের যেখানে এই অবস্থা তখন এই টেস্টেই অভিষিক্ত ওপেনার ইমরুল কায়েসকে দোষ না দিলেও চলছে। ব্যাটসম্যানরা যেমন প্রোটিয়া বোলারদের উইকেট দিয়েছেন, তেমনি ফিল্ডাররাও তো কম দেননি গ্রায়েম স্মিথকে। আগেরদিনই দুইবার জীবন ফিরে পেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে তার তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে নামা এই ওপেনারের আরো দুটো ক্যাচ ছেড়েছেন জুনায়েদ সিদ্দিকী। ১৪৭ রানের পর ১৫১ রানেও স্লিপে দাঁড়িয়ে ছেড়েছেন সহজতম এক ক্যাচ। শেষপর্যন্ত ডাবল সেঞ্চুরি না করতে পারলেও ১৫৭ রান করা স্মিথই এখন টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে (৭০৭) টপকানোর জন্য দ্বিতীয় দিনে আরো ১১ রান দরকার ছিল আগেরদিন ১৩৮ রানে অপরাজিত স্মিথের। বাংলাদেশের ফিল্ডারদের কাছে স্মিথ তাই কৃতজ্ঞই থাকতে পারেন। টেনিস এলবোর ইনজুরি কাটিয়ে ফেরার পর এমন একটা ইনিংস খেলার সন্তুষ্টি বোঝা গেল তার কথাতেই, "উইকেটে এতো লম্বা সময় কাটানো দারুণ একটা ব্যাপার। বিশেষ করে ইনজুরির পর ছয় ঘন্টার ব্যাটিং আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকখানি।" আর বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড প্রসঙ্গে তার বক্তব্য, "আমি রেকর্ডের জন্য খেলি না। আমি দলের কথা ভেবে খেলি।" বাংলাদেশের ব্যাটসম্যানরাও কী দলের কথা ভেবে খেলেছেন? উত্তর না দিলেও চলছে। সাকিব আল হাসানের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বটা দিনের শেষে তাই আর আলোচনাতেই আসছে না খুব একটা। আলোচনায় যেটা আসছে, তা নিকো প্রিটোরিয়াসের ভবিষ্যদ্বাণী। আউটস্যুরেন্স ওভালের ভেন্যু ম্যানেজার যে বলেছিলেন, এই টেস্ট তিনদিনেই শেষ হয়ে যাবে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৩ঘ.