কানপুর, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পাননি যুবরাজ সিং। তবে সেজন্য ভারতের জয়যাত্রায় ছেদ পড়েনি। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১৬ রানে হারিয়েছে ভারত। সুবাদে ৭ ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য ৪৫ মিনিট দেরিতে শুরু হওয়ায় ৪৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দুই ওপেনার রবি বোপারা (৬০) ও ইয়ান বেল (৪৬) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়েইস শাহ (৪০) ছাড়া আর কেউ ভালো অবদান রাখতে না পারায় ৪৮.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় তারা। ৩১ রানে ৩ উইকেট নেয়া হরভজন সিং ভারতের সফলতম বোলার। দুটো করে উইকেট নিয়েছেন মুনাফ প্যাটেল ও সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা ইশান্ত শর্মা।
জবাবে বীরেন্দর শেবাগ ৬৮ রান করলেও অ্যান্ড্রু ফ্লিনটফ বল হাতে জ্বলে ওঠায় ১২৫ রানে ৪ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। স্বাগতিকদের সেই দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছে যুবরাজ-ধোনির ৫২ রানের জুটি। ৩১ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ৩৮ রান করা যুবরাজকে ব্রডের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে সিরিজে প্রথম জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফ্লিনটফ। কিন্তু ইংলিশদের পক্ষে সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি।
দিনের শুরুর মতো শেষভাগেও ম্যাচে হানা দিয়েছে কুয়াশাজনিত সমস্যা। আলোর অভাবে দুই আম্পায়ার যখন খেলা বন্ধ করে দিতে বাধ্য হলেন তখন ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৮ রান। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে এগিয়ে থাকার সুবাদে ভারত পেয়েছে সিরিজে টানা তৃতীয় জয়। সে সময় ধোনি ২৯ ও ইউসুফ পাঠান ১২ রানে অপরাজিত ছিলেন। হরভজনের মতোই ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফ্লিনটফ। তবে ম্যাচ জেতানো বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হরভজন।
ব্যাঙ্গালোরে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১০ঘ.
bdnews24