ব্রিসবেন, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে আবারো ব্যর্থ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সদ্য সমাপ্ত ভারত সফরে ০-২ ব্যবধানে সিরিজ হেরে যাওয়া অস্ট্রেলিয়া বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ২১৪ রানেই অলআউট হয়ে গেছে। জবাবে দিনশেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।
টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলীয়দের শুরু থেকেই স্বস্তিতে থাকতে দেননি নিউজিল্যান্ডের বোলাররা। বিশেষ করে টিম সাউদি। ৬৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দিনের সেরা বোলার। ইয়ান ও'ব্রায়েন ও জেসি রাইডারের শিকার দুটি করে উইকেট। মাত্র ২ রানের জন্য নবম টেস্ট সেঞ্চুরি মিস করা মাইকেল ক্লার্ক (৯৮) এবং মাইকেল হাসি (৩৫) ও অ্যান্ড্রু সাইমস (২৬) ছাড়া আর কোনো অস্ট্রেলীয় ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি কিউই বোলারদের সামনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩১ঘ.
bdnews24