মাসুদ পারভেজ
ব্লুমফন্টেইন থেকে
ব্লুমফন্টেইন, ১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- যা বলার বুঝেশুনেই বলেছেন। এবং দু'দিন আগে স্থানীয় একটি পত্রিকাকে বলা তার কথায় ভুলও নেই কোনো। নিজের দাবিতে এমনই অটল অ্যালান ডোনাল্ড। "দক্ষিণ আফ্রিকান বোলারদের ভয়ে টয়লেটে পালাবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা"- তাকে সামনে পেয়ে গেলে এমন মন্তব্যের ব্যাখ্যা চাওয়ার লোভ সামলানো কঠিন। বুধবার তেমনই একটা সুযোগ হয়ে গেল।
আউটস্যুরেন্স ওভালের প্রেসবক্সের পাশেই ছোট্ট একটা গ্যালারির মতো জায়গা। ধারাভাষ্যের ফাঁকে সেখানে এসে বসতেই বাংলাদেশের সাংবাদিকরা ঘিরে ধরলেন 'সাদা বিদ্যুত' খ্যাত এই সাবেক ফাস্ট বোলারকে। তার মন্তব্যে বাংলাদেশ দল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শুনে বললেন, "বাংলাদেশকে খাটো করার জন্য ওই কথা বলিনি আমি।" তাহলে বলেছেন কেন, "আসলে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে পড়লে এমন হওয়াটাই খুব স্বাভাবিক। আমার বাংলাদেশকে দেখার অভিজ্ঞতা বলে এধরনের বোলিং অ্যাটাকের বিপক্ষে তাদের ব্যাটসম্যানদের পা কোথায় থাকে তা তারা নিজেরাও জানে না। এজন্যই আমি 'টয়লেটে পালাতে হবে' কথাটা ব্যবহার করেছি। সত্যি কথা বলতে কী, এই সিরিজেও পরিস্থিতি পাল্টাবে বলে আমার মনে হয় না।"
মানে আবারো বাংলাদেশকে চ্যালেঞ্জই করে বসলেন টেস্টে ৩৩০ এবং ওয়ানডেতে ২৭২ উইকেটের মালিক। আর এই চ্যালেঞ্জে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিংয়ে তার উত্তরসুরী মাখায়া এনটিনি-ডেইল স্টেইন-মরনে মরকেলরা তাকে জেতাবেন বলেও নিশ্চিত তিনি। তার হোমগ্রাউন্ড আউটস্যুরেন্স ওভালের ওই ছোট্ট গ্যালারির চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বললেন, "এখানকার উইকেট একটু দ্রুতগতির, বাউন্সও আছে। এখানে আমাদের বোলাররা লাইন আর লেন্থ ঠিক রাখতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানরা সমস্যায় পড়বেই। বিশেষ করে আক্রমণাত্মক বোলিং করলে তো আশরাফুলদের পা হড়কাবেই।"
ডোনাল্ড এতোকিছু বলেছেন নিশ্চয়ই গত মার্চে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচটার কথা মাথায় রেখেই। যেখানে টেস্ট তিনদিনেই শেষ হয়ে গিয়েছিল এবং প্রোটিয়া পেসত্রয়ীর ক্রমাগত বাউন্সারে দিশেহারা লাগছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। কিন্তু ঢাকার মিরপুরে হওয়া ঠিক আগের টেস্টেই তো ব্যাকফুটে ছিল গ্রায়েম স্মিথের দলও। প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ এবং ওই টেস্টের বেশ খানিকটা সময়ে ছিল বাংলাদেশেরই নিয়ন্ত্রণ। কিন্তু এসব বলেও ডোনাল্ডকে তার অবস্থান থেকে টলানো গেল না। তিনি ওই পারফরম্যান্সকে যতোটা না বাংলাদেশের কৃতিত্ব মনে করেন, তার চেয়ে বেশি মনে করেন উপমহাদেশের দেশগুলোর বানানো নিজেদের মনমতো উইকেটে প্রোটিয়াদের অনভ্যস্ততাকে।
"আমি জানি না ওখানকার (মিরপুর) উইকেট কেমন ছিল। ফ্ল্যাট উইকেটই ছিল নিশ্চয়ই। ভারতে খেলতে গিয়েও তো আমরা এমন উইকেটই পেতাম। প্রতিবার ভারত সফরের পর আমি অপেক্ষায় থাকতাম কখন তারা এখানে (দক্ষিণ আফ্রিকা) আসবে এবং তাদের পাল্টা ফিরিয়ে দেব। বাংলাদেশ এবার এমন একটা সময়ে এখানে এসেছে যখন দক্ষিণ আফ্রিকার সামনে অস্ট্রেলিয়ায় খুব বড় একটা সিরিজ। সুতরাং স্মিথরা সবকিছু ঠিকঠাকমতোই করতে চাইবে। এবং বাংলাদেশকে তাদের হারানোরই কথা। অঘটন ঘটলো তো অঘটনই। তবে আমি তেমন কোনো সম্ভাবনাই দেখছি না।"
তাও ভালো যে বাংলাদেশের পেসারদের মধ্যে সম্ভাবনা দেখেছেন তিনি। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম সেশনে মাশরাফি বিন মর্তুজা ও মাহবুবুল আলম রবীনরা যেমন বোলিং করেছেন তাতে প্রশংসাই ঝরেছে তার কন্ঠে, "হ্যাঁ, ওরা দারুণ বোলিং করেছে। চার মারার বল দেয়নি, এমনকি ওভারপিচ ডেলিভারিও খুব একটা নয়। খুব ভালো লেন্থে বল করেছে। ওদের দুজনের বলে গতি সেরকম না থাকলেও আমি বলবো ওরা খুব ভালো সুইং করিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ঘ.
bdnews24