ব্লুমফন্টেইন, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়া থেকে নিজের বোলিং অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণ করিয়ে এরমধ্যেই জোহানেসবার্গ এসে পৌঁছে গেছেন আব্দুর রাজ্জাক। তবে ব্লুমফন্টেইনে এসে দলের সঙ্গে যোগ দেবেন বুধবার সকালে, যেদিন থেকে আউটস্যুরেন্স ওভালে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়া থেকে নিজের বোলিং অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণ করিয়ে এরমধ্যেই জোহানেসবার্গ এসে পৌঁছে গেছেন আব্দুর রাজ্জাক। তবে ব্লুমফন্টেইনে এসে দলের সঙ্গে যোগ দেবেন বুধবার সকালে, যেদিন থেকে আউটস্যুরেন্স ওভালে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের প্রথম টেস্ট। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
লম্বা ভ্রমণক্লান্তির কারণে এই বাঁ হাতি স্পিনারকে খেলানোর প্রশ্নই আসে না। তবুও এক দক্ষিণ আফ্রিকান সাংবাদিক বাজি ধরতে রাজী, রাজ্জাক এই টেস্টে খেলছেনই। কারণ জেমি সিডন্স তাকে নিশ্চিত করেছেন রাজ্জাক খেলবেন!
মঙ্গলবার সকালে হোটেল সাউদার্ন ইন-এর লবিতে প্রসঙ্গটা তুলতেই বাংলাদেশ দলের কোচ হাসতে হাসতে বললেন, "হ্যা, বলেছি তো। ওদের সাংবাদিককে এই খবর দেওয়া মানে দক্ষিণ আফ্রিকা দলেরও জেনে যাওয়া। টেস্টের আগে ওরা ভুল খবরই জানুক।" প্রতিপক্ষ শিবিরে ভুল খবর পাঠানোর এই রেওয়াজ নতুন নয়। বাংলাদেশের কোচ থাকাকালীন ডেভ হোয়াটমোরও একাধিকবার এই কৌশলের শরণাপন্ন হয়েছেন। কিন্তু তাতে কাজের কাজ তেমন একটা হয়নি। কারণ বাংলাদেশ টেস্টই জিতেছে মাত্র একটা। প্রতিপক্ষকে বোকা বানানোর মধ্যে যদিও অন্যরকমের সুখ আছে। কিন্তু ব্লুমফন্টেইন টেস্টের আগে এই সুখটা সিডন্সের আর সেভাবে উপভোগ করার উপায় নেই।
এই টেস্টে যে বাংলাদেশের ছন্নছাড়া এক বোলিং অ্যাটাক নিয়েই নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিম্বার্লিতে দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজার পিঠে সিটি স্ক্যান করিয়ে নিশ্চিত হওয়া গিয়েছিল দুঃশ্চিন্তার কিছু নেই। তবে এদিন তাকে নিয়ে অনিশ্চয়তা কাটলো না শেষ বিকেলেও। সাবধানতা অবলম্বন করতে গিয়ে মোহাম্মদ আশরাফুলের ডেপুটিকে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি। পর্যাপ্ত বিশ্রাম পাওয়ার পরও সিডন্স প্রথম টেস্টে মাশরাফির খেলার সম্ভাবনা একরকম উঁড়িয়েই দিলেন কারণ, "ও খেলছে না। সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর থেকে গত এক সপ্তায় ও বলই করেনি। এরকম কাউকে প্রথম টেস্টে খেলানো কঠিনই। হয়তো দ্বিতীয় টেস্টের জন্য ম্যাশের কথা ভাবা হবে।"
মাশরাফি না খেললে দলের বোলিংয়ের সম্ভাব্য দূরবস্থার কথাও ভেবে রাখতে হচ্ছে তাকে, "যদি মাশরাফি না খেলে তাহলে আমাদের বোলিং অ্যাটাকটা ভীষণ অনভিজ্ঞ হয়ে যাবে। এখন শুধু এটুকুই আশা করতে পারি, অন্য বোলাররা তাদের সেরাটা উজাড় করে দেবে।" মঙ্গলবার সকালে সিডন্স মাশরাফির না খেলার খবরটা একরকম নিশ্চিত করে যাওয়ার পর অধিনায়ক আশরাফুল এসেও বললেন, "এক সপ্তাহ বোলিং না করে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলতে নামা একজন বোলারের জন্য খুব কঠিন। এখন এই টেস্টে মাশরাফির খেলার বিষয়টা আমরা ওর ওপর ছেড়ে দিয়েছি। ওর নিজের কাছে যদি মনে হয় একশো ভাগ ফিট, তাহলেই প্রথম টেস্টে খেলতে পারে। না হলে আমরা দ্বিতীয় টেস্টের জন্য চিন্তা করবো।"
মাশরাফির ওপরই যখন পুরো বিষয়টা ছেড়ে দেওয়া হয়েছে, তখন তিনি কী বলেন? "এটুকু আত্মবিশ্বাস আমার আছে যে দুই-তিন সপ্তাহ বোলিং না করেও সরাসরি ম্যাচ খেলতে পারবো।" কিন্তু সমস্যা হল সিটি স্ক্যানে কিছু ধরা না পড়লেও তার পিঠের ব্যথাটা রয়ে গেছে। আর এই ব্যথা নিয়ে নিজেও নানারকম ভাবনায় ডুবে আছেন তিনি, "সত্যি কথা বলতে কী, আমি সবসময় টুকটাক ব্যথা নিয়েই খেলি। এই ব্যথাটা যদি সহ্য করে নেওয়া যায় তাহলে খেলতে সমস্যা নেই। কিন্তু পিঠের ওই জায়গাটায় আগেও কয়েকবার ব্যথা পেয়েছি আমি। এখন ওই জায়গাটা কালো হয়ে আছে। আর এক সপ্তাহ বোলিং না করে একটা বড় দলের বিপক্ষে টেস্ট খেলতে নামার সমস্যাটাও মাথায় রাখতে হবে। তাছাড়া টেস্ট ম্যাচ খেলতে গিয়ে আমার ব্যথাও তো বাড়তে পারে। দেখা যাক, বিকেলে নেটে বোলিং করলে বুঝতে পারবো।"
কিন্তু মাশরাফির ইনজুরি বাংলাদেশ দলের কাছে এমনই এক রহস্য হয়ে আছে যে, বিকেলে আউটস্যুরেন্স ওভালের নেটে পাঁচ ওভার পুরো ছন্দে বোলিং করার পরও তাকে খেলানোর বিষয়ে নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। যদিও ফিজিও ড্যারেন লিফসনের কাছে মাশরাফিকে দেখে ভালোই মনে হয়েছে। তবু বাংলাদেশ শিবির পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে চায়। ১২ জনের দল ঘোষণা করা হয়েছে এজন্যই।
অর্থাৎ বাইরে আছেন রকিবুল হাসান, সাজিদুল ইসলাম ও রাজ্জাক। মাশরাফি না খেলতে পারলে একাদশে ঢুকে যাবেন নাজমুল হোসেন, যার ওপর কদাচিতই আস্থা রাখে বাংলাদেশ দল। চার বছর আগে নিজের একমাত্র টেস্ট খেলা এই পেসার কিম্বার্লিতে প্রস্তুতি ম্যাচেও ভালো করেননি। আর মাহবুবুল আলম রবীনের সবে টেস্ট অভিষেক হয়েছে (ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে)। মাশরাফি না খেললে অনভিজ্ঞ এই বোলিং লাইনের নেতৃত্ব দিতে হবে শাহাদাত হোসেনকে। রাজ্জাক না থাকায় সাকিব আল হাসানই থাকছেন মূল স্পিনারের ভুমিকায়। হাত ঘোরানোর জন্য মেহরাব হোসেন জুনিয়র ও নাঈম ইসলামও থাকবেন।
বাংলাদেশকে যেখানে বোলিং অ্যাটাকের গভীরতা কমে যাওয়া নিয়ে ভাবছে, সেখানে শক্তি বাড়ছে দক্ষিণ আফ্রিকার। কারণ ডেইল স্টেইন-মরনে মরকেলদের সঙ্গে এসে যোগ দিয়েছেন মাখায়া এনটিনিও। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। ওই সময় ঘরোয়া ক্রিকেট নিয়ে মেতে ছিলেন এনটিনি। তবে তাকে নয়, স্টেইনকেই বেশি ভয় বাংলাদেশের। কোচ জেমি সিডন্স সেরকমই বললেন, "আমাদের কাছে স্টেইনই বিশ্বের সেরা বোলার। তাকে ভালোভাবে সামাল দিতে পারলেই আমরা ভালো করবো।"
বাংলাদেশকে সামনে পেয়ে তার বোলাররা যাতে বেসামাল না হয়ে পড়েন, সেদিকেই বেশি জোর দিলেন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ, "যখনই আমরা বাংলাদেশের সঙ্গে খেলি, তখনই আমাদের বোলাররা যেকোনো মূল্যে উইকেট নিতে চায়। তখন লাইন আর লেন্থ নিয়ে ওরা খুব একটা ভাবে না। বাংলাদেশের মতো দলের বিপক্ষে লাইন-লেন্থ ঠিক রাখাটা খুব গুরুত্বপূর্ণ।" মঙ্গলবার দুপুরে আউটস্যুরেন্স ওভালে হওয়া স্মিথের সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে এটাই একমাত্র কথা। কারণ দক্ষিণ আফ্রিকান সাংবাদিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ব্যাক টু ব্যাক সিরিজ নিয়ে প্রশ্নের পর প্রশ্ন করে গেলেন। থাকলো ডানকান ফ্লেচারের প্রসঙ্গও। যিনি খন্ডকালীন ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন প্রোটিয়াদের সঙ্গে। এসব দেখে মনে হচ্ছিল, পরদিন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজই শুরু হচ্ছে বোধহয়! দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ নয়!
বিডিনিউজ ্েটায়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.
bdnews24