করাচি, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পাকিস্তান সফর হতে পারে ভারতে! এমন বিস্ময়কর কথাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এজাজ বাট। কোনো বিশেষ কারণে ভারতীয় সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়া অনুমতি না দিলে সিরিজটা ভারতের মাটিতে করার চিন্তা-ভাবনা করছে পিসিবি।
'কোনো বিশেষ কারণ' অবশ্য আর কিছু নয়, নিরাপত্তাজনিত আশঙ্কা। যে আশঙ্কায় জর্জরিত হয়ে এ বছরের মার্চে পাকিস্তানে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া, পাঁচটি দলের আপত্তির কারণে সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী জানুয়ারিতে ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারত সরকার। কিন্তু এ মাসের শুরুতে জুনিয়র হকি দলের পাকিস্তান সফর শেষ মুহূর্তে তারা আটকে দিয়েছে নিরাপত্তাহীনতার আশঙ্কায়।
আর এটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পিসিবির জন্য। তাদের আশঙ্কা তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের সিরিজটিও ভেস্তে যেতে পারে, মহেন্দ্র ধোনির দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি না-ও দিতে পারে ভারত সরকার। অথচ এই সিরিজের মাধ্যমেই এ বছরের আর্থিক ক্ষতি পুুষিয়ে নেয়ার আশা করছে পিসিবি।
আর তাই সিরিজটা আয়োজনে তারা বদ্ধপরিকর। সেই ব্যগ্রতাই ফুটে উঠলো এজাজ বাটের কণ্ঠে, "বেশ কয়েকটা দেশ আমাদের দেশে আসতে আপত্তি জানানোয় ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা ভারতের সঙ্গে সিরিজটাকে বরফ গলানোর উপলক্ষ হিসাবে দেখছি। কিন্তু ভারতকে তাদের দেশের সরকার কোনো কারণে পাকিস্তান সফর করার অনুমতি না দিলে বিকল্প হিসাবে সিরিজটা ভারতে আয়োজনের কথাও ভাবতে পারি আমরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩২ঘ.
bdnews24