২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিং নিয়ে দুজনেরই দুঃশ্চিন্তা, ব্যাটিং নিয়ে শুধু কোচের

দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্স চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তার দল ৩৭৫ রান করেছে। এতে জেমি সিডন্স নিশ্চিন্ত হয়েছেন ভাবলে ভুলই হবে। একদিন বাদেই সিরিজের প্রথম টেস্ট, তার আগে এই অস্ট্রেলিয়ান কোচের দুঃশ্চিন্তা কিছুতেই কাটছে না। কারণ প্রস্তুতি ম্যাচে নির্ভার থাকার মতো অনেক কিছুই দেখেননি, "এখনো আমরা অনেক বেশি বাজে বল করছি। সেই সঙ্গে ব্যাটসম্যানরা এখনো বাজে শট খেলছে। সুতরাং আমাদের জন্য দুঃশ্চিন্তার অনেক কিছুই আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

মাসুদ পারভেজ ব্লুমফন্টেইন থেকে ব্লুমফন্টেইন, ১৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্স চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তার দল ৩৭৫ রান করেছে। এতে জেমি সিডন্স নিশ্চিন্ত হয়েছেন ভাবলে ভুলই হবে। একদিন বাদেই সিরিজের প্রথম টেস্ট, তার আগে এই অস্ট্রেলিয়ান কোচের দুঃশ্চিন্তা কিছুতেই কাটছে না। কারণ প্রস্তুতি ম্যাচে নির্ভার থাকার মতো অনেক কিছুই দেখেননি, "এখনো আমরা অনেক বেশি বাজে বল করছি। সেই সঙ্গে ব্যাটসম্যানরা এখনো বাজে শট খেলছে। সুতরাং আমাদের জন্য দুঃশ্চিন্তার অনেক কিছুই আছে।" দুঃশ্চিন্তার জায়গাগুলো আরো নির্দিষ্ট করে দিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ অধিনায়কের দৃষ্টিতে নতুন বলে ভালো না করলেই নয়, "যখন আমরা টেস্ট ম্যাচ খেলবো তখন বোলিংয়ে আরো উন্নতি করতে হবে আমাদের। বিশেষ করে শুরুর দিকে আমরা অনেক রান দিয়ে ফেলছি। টেস্টেও এরকম হতে থাকলে আসলে ম্যাচে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যাবে। তাই নতুন বলেই আমাদের কিছু একটা করে নিতে হবে।" প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকান এয়ারওয়েজ চ্যালেঞ্জ একাদশের দুই ওপেনার তুলে ফেলেছিলেন ১৭০ রান। তারপরও তাদের ২৬৫ রানে শেষ করে দেওয়া গেছে। কিন্তু গ্রায়েম স্মিথের দল এমন সুযোগ পেয়ে গেলে কী হয়, তার প্রমাণ তো হাতেনাতেই পেয়েছেন আশরাফুলরা। গত মার্চে দেশের মাটিতে চট্টগ্রাম টেস্টে স্মিথ আর নেইল ম্যাকেঞ্জি মিলে নতুন বিশ্বরেকর্ড গড়া ওপেনিং পার্টনারশিপ দেখিয়েছিলেন বাংলাদেশকে। তারা দু'জন মিলে ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের গড়া ৫২ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙ্গে তুলেছিলেন ৪১৫ রান। সেই স্মৃতি এখনো টাটকাই থাকার কথা বাংলাদেশ অধিনায়কের মনে। একারণেই এবার নতুন বলে কিছু একটা করার তাগিদ দিচ্ছেন তিনি তার পেসারদের। এজন্য মাশরাফি বিন মর্তুজার দিকেই বেশি তাকিয়ে থাকছেন অধিনায়ক। যদিও প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার জায়গায় সুযোগ পেয়েছিলেন চার বছর আগে নিজের একমাত্র টেস্টটি খেলা নাজমুল হোসেন। কিন্তু দলের আস্থা অর্জন করার মতো কিছুই করতে পারেননি। তবে টেস্টে তৃতীয় পেসারের অভাবটা আর অনুভুত হবে না বলেই মনে করেন আশরাফুল, কারণ, "এটা ঠিক যে এই মুুহুর্তে তৃতীয় পেসার নিয়ে একটু সমস্যায় আছি আমরা। আশা করি মাশরাফি ফিরলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।" দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন মাশরাফি। কিম্বার্লিতে সিটি স্ক্যান করানোর পর অবশ্য তাকে নিয়ে নিশ্চিন্ত হওয়া গেছে অনেকটাই। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নিজেও মানসিকভাবে অনেকটা চাঙ্গা সিটি স্ক্যানে গুরুতর কিছু ধরা না পড়ার খবর শুনে। তবুও তাকে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল টেস্টে পুরোদমে ফিরে আসার জন্যই। তিনি ফেরার মতো করে ফিরলে বোলিং নিয়ে দুঃশ্চিন্তা অনেকটাই কমে যায় বাংলাদেশ শিবিরের। কোচ হতাশা প্রকাশ করলেও প্রস্তুতি ম্যাচের ব্যাটিং নিয়ে অধিনায়কের খুব একটা অভিযোগ নেই। ইমরুল কায়েস (৮৬) ও মুশফিকুর রহিমের (৮৯) ব্যাট থেকে দুটো হাফসেঞ্চুরিই শুধু দেখেননি। দুটো সেঞ্চুরি পার্টনারশিপও তো দেখেছেন। ইমরুলকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিজেও গড়েছেন ১১৩ রানের পার্টনারশিপ। আর নাঈম ইসলাম ও মুশফিকের গড়া অন্য সেঞ্চুরি পার্টনারশিপটা ১২০ রানের। এজন্যই কয়েকজনের বাজে শট খেলে আউট হওয়ার বিষয়টা উপেক্ষা করতে পারছেন অধিনায়ক, "ওরা ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারলে খুবই ভালো হত। টেস্টের আগে যতো বেশি সম্ভব ব্যাট করার অনুশীলনই তো দরকার। তবুও আমি খুশী।" ৮৬ রানের ইনিংস খেলে ব্লুমফন্টেইনের আউটস্যুরেন্স ওভালে টেস্ট অভিষেকের আনন্দও বোধহয় পেতে যাচ্ছেন ইমরুল। সেক্ষেত্রে টেস্টে বাংলাদেশের নতুন এক ওপেনিং জুটিই দেখা যাবে। জেমি সিডন্স বাংলাদেশের কোচ হওয়ার পর টেস্টে তামিম ইকবালের সঙ্গে জুনায়েদ সিদ্দিকীকেই কেবল ওপেন করতে দেখা গেছে। এবার বোধহয় তামিমের সঙ্গে ইমরুলকেই দেখা যাচ্ছে। তামিমের নতুন ওপেনিং পার্টনার হওয়ার দৌড়ে তার এগিয়ে যাওয়ার কারণ শুনুন অধিনায়কের কাছ থেকে, "ইমরুল এখানে তামিমের সঙ্গে দুটো ওয়ানডেতে ওপেন করেছে। বড় ইনিংস হয়তো খেলেনি, তবে যতোক্ষণ উইকেটে থেকেছে দেখতে ভালো লেগেছে ওর ব্যাটিং। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার এরকম বোলিং অ্যাটাকের বিপক্ষে ওর ব্যাটিং ভালো না লাগার কোনো কারণ নেই। স্টেইন-মরকেলদের খুব ভালো সামলেছে ও।" টেস্টেও স্টেইন-মরকেলদের চ্যালেঞ্জ সামলানোর জন্য ইমরুলকে ঠেলে দেওয়া হলে জুনায়েদ সিদ্দিকী ব্যাটিং করবেন ওয়ানডাউনে। আর প্রস্ততি ম্যাচে নয় নাম্বারে ব্যাট করা রকিবুল হাসান যে আপাতত টেস্ট অভিষেকের সুযোগ পাচ্ছেন না, তেমন ইঙ্গিতও দিয়েছেন আশরাফুল। রকিবুল একাদশে থাকছেন কি-না, এমন প্রশ্নে তার জবাব, "আমরা এখনো একাদশ ঠিক করিনি। হয়তোবা এরকমই হবে।" প্রস্তুতি ম্যাচে বড় ইনিংস খেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি ইমরুল-মুশফিক, সিডন্স আশা করবেন টেস্ট ম্যাচে এরকম যাতে কেউ না করেন। এরকম কিছু দেখলেই যে তার দুঃশ্চিন্তা থেকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.