২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান

তিন ম্যাচের সিরিজে নিজের দুটি সেঞ্চুরি, তারপরও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইলকে আবুধাবি থেকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। প্রথম ম্যাচের মতো শেষটিতেও তার সেঞ্চুরি বিফলে গেছে, আর রোববারের ওই ম্যাচে ৩১ রানে জিতে পাকিস্তান হোয়াইট ওয়াশ করেছে তার দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 04:21 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

আবুধাবি, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ম্যাচের সিরিজে নিজের দুটি সেঞ্চুরি, তারপরও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইলকে আবুধাবি থেকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। প্রথম ম্যাচের মতো শেষটিতেও তার সেঞ্চুরি বিফলে গেছে, আর রোববারের ওই ম্যাচে ৩১ রানে জিতে পাকিস্তান হোয়াইট ওয়াশ করেছে তার দলকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের পক্ষেও সেঞ্চুরি করেছেন একজন। ইউনিস খানের ১০১ রানের ইনিংসটার সঙ্গে মিসবাহ-উল হকের অপরাজিত ৭৯ রানে ভর করে ৫০ ওভারে পাকিস্তান তুলেছিল ৬ উইকেটে ২৭৩ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছয়টি ছক্কাসহ ১৩৭ বলে ১২২ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন গেইল। দ্বিতীয় উইকেটে রামনরেশ সারওয়ানের (৬২) সঙ্গে তার ১৫১ রানের জুটি জয়ের স্বপ্নই দেখাচ্ছিল আগেই সিরিজ হেরে বসে থাকা ক্যারিবিয়ানদের। কিন্তু ওই জুটি ভাঙার পর তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে তাদের ইনিংস ১ উইকেটে ১৬৮ রান তোলার পর ৭৪ রানে ৯ উইকেট হারিয়েছে তারা। ৪৬.৩ ওভারে অলআউট হয়ে গেছে ২৪২ রানে। এই নয় উইকেটের সাতটি ভাগ করে নিয়েছেন পাকিস্তানের দুই পেসার রাও ইফতেখার আনজুম আর উমর গুল। ৫৯ রানে চার উইকেট পেয়েছেন আনজুম, আর ৩১ রানে তিন উইকেট গুলের। এছাড়া সোহেল তানভির পেয়েছেন ৩২ রানে দুই উইকেট। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান : ৫০ ওভারে ২৭৩/৬ (ইউনিস ১০১, মিসবাহ ৭৯*, মনজুর ৩০, আকমল ২১; টেলর ২/৫০) ওয়েস্ট ইন্ডিজ : ৪৬.৩ ওভারে ২৪২/১০ (গেইল ১২২, সারওয়ান ৬২, টেলর ১৭; আনজুম ৪/৫৯, গুল ৩/৩১, তানভির ২/৩২) ফল : পাকিস্তান ৩১ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৩৬ ঘ.