২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের সেঞ্চুরির রথে চেপে বাংলাদেশের ক্রিকেটকে দেখা

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করা প্রথম এবং একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান কে? কুইজের প্রশ্ন এমন হলে ক্রিকেটমনস্ক যে কারো জন্য উত্তর দেওয়াটা কঠিনই হবে। বিশেষ করে যখন এই দেশটিতে এসে কখনোই সেভাবে সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিমদের সামনে সুযোগ ছিল এখানে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশী হওয়ার। রোববার দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্স চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে তারা ৮৬ ও ৮৯ রানে আউট হয়ে যাওয়ায় এমন কৃতিত্বের একক মালিকানা নিয়ে বসে আছেন কেবল আকরাম খানই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

কিম্বার্লি, ১৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করা প্রথম এবং একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান কে? কুইজের প্রশ্ন এমন হলে ক্রিকেটমনস্ক যে কারো জন্য উত্তর দেওয়াটা কঠিনই হবে। বিশেষ করে যখন এই দেশটিতে এসে কখনোই সেভাবে সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিমদের সামনে সুযোগ ছিল এখানে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশী হওয়ার। রোববার দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্স চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে তারা ৮৬ ও ৮৯ রানে আউট হয়ে যাওয়ায় এমন কৃতিত্বের একক মালিকানা নিয়ে বসে আছেন কেবল আকরাম খানই। সাবেক এই অধিনায়কের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় খেলা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে চোখ রাঙ্গাতে পেরেছিল বাংলাদেশ। যদিও অনেকের কাছেই আট বছর আগের সেই ম্যাচটার স্মৃতি ঝাপসা হয়ে যাওয়ার কারণ আছে যথেষ্টই। ২০০০ সালে নিজেদের অভিষেক টেস্ট খেলার মাসখানেক আগে দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা যে শেষপর্যন্ত আর সুখকর থাকেনি। পিটারমারিজবার্গ এবং ডারবানে সফরের দুটো একদিনের ম্যাচে ৫১ ও ৫৭ রানের দুঃস্বপ্নের কথাই মানুষের মনে আছে বেশি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ- প্রসঙ্গ উঠলেই তো চলে আসে ওই ব্যাটিং ব্যর্থতার কথা। এর আগের সাফল্যের কথাও যে কেউ কেউ বলতে পারেন, সেই অভিজ্ঞতা হল রোববার কিম্বার্লির ডি বিয়ার্স ডায়মন্ড ওভালের প্রেসবক্সে ঢুকে। যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনায় আগ্রহী হয়ে উঠলেন জেমস হোপলি। প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের পেছনে ছুটে চলা এই সাংবাদিকের কাছে মনে হয়েছিল, টেস্ট ক্রিকেটে হাবুডুবু খাবে না বাংলাদেশ। আট বছর আগে প্রথম দেখায় বাংলাদেশকে তার ওরকম মনে হওয়ার কারণটাও খুলে বললেন, "তখনো একটা টেস্টও খেলা হয়নি বাংলাদেশের। অথচ আমার পরিষ্কার মনে আছে, এই মাঠেই খেলা দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ তিনশো কী সাড়ে তিনশো রান করেছিল। একজন বোধহয় বড় একটা ইনিংসও খেলেছিল।" কিম্বার্লির ডি বিয়ার্স ডায়মন্ড ওভালে সেই বড় ইনিংসটা খেলেছিলেন আকরাম খান। তার সেঞ্চুরিতে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের বিপক্ষে তিনদিনের ম্যাচে লিডও নিয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষের ৩২৪ রানের মোক্ষম জবাবই দিয়েছিল আকরামের ব্যাট। তার অপরাজিত ১২৯ রানের ইনিংস বাংলাদেশকে পৌঁছে দেয় ৩৩৩ রানে। যদিও দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার অনভিজ্ঞতায় শেষপর্যন্ত ওই ম্যাচে হারতে হয়েছিল ঠিক, তবে দক্ষিণ আফ্রিকায় এসে আবার তিনশো রানের দেখা পেতেও তো বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হল আটটি বছর। এবং সেটি এই কিম্বার্লিতেই। দক্ষিণ আফ্রিকান এয়ারওয়েজ চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করেছে ৩৭৫ রান। বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স দক্ষিণ আফ্রিকায় এসে বারবারই সাবধান থাকতে চেয়েছেন এই ভেবে, "দক্ষিণ আফ্রিকা আমাদের হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয়।" এখানে কিম্বার্লিকে একটু আলাদা করে রাখতেই হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের তিনশোর বেশি রানের দুটো ইনিংসই যে এখানে। প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি তো আছেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.