মাসুদ পারভেজ
কিম্বার্লি থেকে
কিম্বার্লি, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঘরোয়া ক্রিকেটে এখন কে কে ভালো বোলিং করছেন তার খোঁজ-খবর আগের দিনই নিচ্ছিলেন জেমি সিডন্স। বাংলাদেশের কোচ নির্দিষ্ট করে দু'জনের নামও বলেছিলেন- জিয়াউর রহমান এবং সাজিদুল ইসলাম। এদের মধ্যে শেষ পর্যন্ত বাঁ হাতি পেসার সাজিদুল ইসলামকেই দক্ষিণ আফ্রিকায় ডেকে পাঠিয়েছে বাংলাদেশ শিবির। ১৭ নভেম্বর সকালে তিনি ঢাকা থেকে জোহানেসবার্গে পৌঁছাচ্ছেন। আর যার জায়গায় তিনি আসছেন, সেই সৈয়দ রাসেল ঐ রাতেই দেশে ফেরার ফ্লাইট ধরছেন।
যদিও রাসেলকে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে রেখেই চিকিৎসা করানোর কথা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ, একই সঙ্গে দুজন ইনজুরি আক্রান্ত বোলারকে বয়ে বেড়াতে চায় না বাংলাদেশ। শুক্রবার বিকেলে মাশরাফি বিন মর্তুজার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর অনেকটাই নির্ভার হওয়া গেছে বটে, কিন্তু এই সফরে মূল স্ট্রাইক বোলার যেভাবে ঘনঘন পিঠের ব্যথায় ভুগছেন তাতে একেবারে ঝুঁকিমুক্ত হতে পারছে না দল। বাংলাদেশ দলের ফিজিও ড্যারেন লিফসন অবশ্য বলেছেন, "স্ক্যান রিপোর্টে তেমন কিছুই ধরা পড়েনি। মাশরাফিকে নিয়ে এই মুহূর্তে চিন্তার কিছুই নেই।"
এই মুহূর্তে নেই, তবে আগামী দিনগুলোতে আবারো তিনি চিন্তার কারণ হয়েও উঠতে পারেন। দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকে দুবার তাকে পিঠের ব্যথার জন্য বিশ্রাম দিতে হয়েছে। জোহানেসবার্গে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের পর ইস্ট লন্ডনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও একই সমস্যার কারণে বাইরে রাখতে হয়েছে তাকে। যদিও বৃষ্টির কারণে ওই ম্যাচটি আর হয়ইনি। মাশরাফিকে নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যেও রাসেলকে দলের সঙ্গে না রাখার বিষয়ে টিম ম্যানেজমেন্ট একমত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
গত জুনে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে ইংল্যান্ড সফরের সময়ই পিঠের ইনজুরিতে পড়েন রাসেল। সেটাই এখনো বয়ে বেড়াতে হচ্ছে তাকে। তার রিপ্লেসমেন্ট হিসেবে সাজিদুলকে বেছে নেওয়ার কারণ, দু'জনেই বাঁ হাতি পেসার। ১৭ নভেম্বর সকালে জোহানেসবার্গ থেকে ব্লুমফন্টেইন গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাজিদুল। ১৯ নভেম্বর থেকে প্রথম টেস্ট সেখানেই। যদিও ওই টেস্টে খুব সম্ভবত খেলবেন না তিনি। মাশরাফি যেহেতু ফিট হয়ে গেছেন, তাই প্রথম টেস্টে তার সঙ্গে পেসার হিসেবে শাহাদাত হোসেন ও মাহবুবুল আলম রবীনেরই খেলার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯০৩ঘ.ঘ.
bdnews24