ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইনে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারছেন না আব্দুর রাজ্জাক। বোলিং নিরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্যই বাঁহাতি স্পিনারকে দুই টেস্ট সিরিজের প্রথমটাতে পাচ্ছে না বাংলাদেশ দল।
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সময় দুই আম্পায়ার ড্যারিল হার্পার ও অশোকা ডি সিলভা সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ করেছিলেন রাজ্জাকের বিরুদ্ধে। রাজ্জাকের অপেক্ষাকৃত দ্রুতগতির বলের বিরুদ্ধেই অভিযোগটা ছিল তাদের।
বোলিং নিরীক্ষার জন্য তাই শনিবার অর্থাৎ ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ক্যানবেরায় উড়ে যেতে হবে রাজ্জাককে। নিরীক্ষাটা হবে ১৭ নভেম্বর। পরদিন তার জোহানেসবার্গে ফিরে আসার কথা। কিন্তু সেদিনই ব্লুমফন্টেইনে পৌঁছানো সম্ভব নয় বলে প্রথম টেস্টেও খেলা হচ্ছে না রাজ্জাকের।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে অবশ্য কোনো পরিবর্তন নেই। ওয়ানডে সিরিজের দলই ধরে রাখা হয়েছে টেস্ট সিরিজের জন্য।
বাংলাদেশ দল :
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, মাহবুবুল আলম, রকিবুল হাসান ও ইমরুল কায়েস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩২ঘ.
bdnews24