ইস্ট লন্ডন, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইস্ট লন্ডনে পাকিস্তান দলও বেশ কয়েকবার এসে খেলে গেছে। এই দূর দেশে নিজ দেশের ক্রিকেট দলকে কাছে পাওয়াটা আলোড়িত হওয়ার মতোই ব্যাপার বটে। কিন্তু তাদের কাছে ঘেঁষতে গিয়েই এখানকার প্রবাসী পাকিস্তানিরা হোঁচট খেয়েছেন বারবার। একই অভিজ্ঞতা হয়েছে এখানকার প্রবাসী ভারতীয়দেরও। তারা নিজ নিজ দেশের ক্রিকেট দলকে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছেন। তবে তাদের সব চেষ্টা বিফলে গেছে। কোনো দলই তাদের দাওয়াত রক্ষা করেনি। নিজেদের এমন পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা প্রবাসী বাংলাদেশীদের চ্যালেঞ্জই জানিয়ে বসেছিলেন।
প্রবাসী বাংলাদেশীরা হোটেল গার্ডেন কোর্টে গিয়ে বাংলাদেশ দলকে দাওয়াত দিয়ে এসেছেন শুনে পাকিস্তানি তরুণ আসিফ বলেছিলেন, "আমি নিশ্চিত করে বলতে পারি ওরা আসবে না। আগেও তো দেখেছি। অনেক চেষ্টা করেও আমাদের দলকে আনতে পারিনি।" অথচ মঙ্গলবার রাতে আসিফের মতো অন্য পাকিস্তানি এবং ভারতীয়দের রীতিমতো হতবাক করে দিয়ে ডিনারে হাজির বাংলাদেশ দল। মিসরীয় রেস্তোরা এলিসিতে মোহাম্মদ আশরাফুলদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশীদের মুখরক্ষাই শুধু করেনি। এখানকার ভারতীয় ও পাকিস্তানীদের এটাও বুঝিয়েছে যে এই দলটা তাদের ক্রিকেট দলের মতো নয় কিছুতেই। প্রবাসীদের আবেগ-অনুভুতির মূল্য দিতে তারা জানেন।
ইস্ট লন্ডনের বাফেলো পার্কে লড়াকু পারফরম্যান্স দেখাতে পারলে প্রবাসীদের চাওয়া-পাওয়ার ষোলকলা পূর্ণ হত। কিন্তু প্রকৃতি সেই সুযোগ দিল কই? বাংলাদেশে যেমন ঘনঘন বঙ্গোপসাগর উত্তাল হয়, এখানকার ভারত মহাসাগরের অবস্থা ততোটা খারাপ না হলেও এর কাছাকাছি। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকেই বৃষ্টি এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে রেখেছিল আগেই। বৃষ্টিই আর না থামায় খেলা শুরুর সোয়া ঘন্টা আগেই এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন ম্যাচ রেফারি অ্যালান হার্স্ট এবং দুই আম্পায়ার এম ইরাসমাস এবং নাইজেল লং। মাঠে আসার পর দুই দলের অধিনায়কও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে একমত হন।
আর তাতে সবচেয়ে বেশি হতাশ বোধহয় নিজাম আহমেদ নামের এক প্রবাসী বাংলাদেশী। পরিবার এবং আরো তিনজন বন্ধুকে নিয়ে জোহানেসবার্গ থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে এসেছেন গাড়ী চালিয়ে। ১৪ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে মঙ্গলবার গভীর রাতে ইস্ট লন্ডনে পৌছানোর পর দ্বিগুণ মূল্যে হোটেল পেয়েছেন। পাশ্ববর্তী পোর্ট এলিজাবেথ এবং পোর্ট আলফ্রেড থেকেও এসেছেন অনেক বাংলাদেশী যাদের হোটেল বন্দী হয়েই কাটাতে হয়েছে পুরো দিন। তবে তাদের চেয়ে হতাশা কোনো অংশে কম নয় পাপুল, খালেক, হুমায়ুন, কামাল, ফয়সালদেরও; যারা থাকেন এই ইস্ট লন্ডনেই।
এদেরই একজন ফয়সাল বলছিলেন, "আমরা যে কতোটা হতাশ তা বলে বোঝাতে পারবো না। অনেকদিন ধরেই এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলাম আমরা। এখানে ম্যাচটা হবে, চুড়ান্ত হওয়ার পর থেকেই কতো যে পরিকল্পনা ছিল আমাদের।" সবাই মিলে খেলা দেখবেন, গ্যালারি থেকে উৎসাহ জোগাবেন আশরাফুলদের, বিনিময়ে ক্রিকেটাররা তাদের এটাই দেবেন বলে আশা করছিলেন খালেক নামের আরেক বাংলাদেশী, "আমাদের জন্য এরচেয়ে ভালো আর কিছু হত না যদি খেলাটা হত এবং বাংলাদেশ জিততো। জানেন, এখানে আমরা অক্লান্ত পরিশ্রম করি। অনেক টাকাও উপার্জন করি। কিন্তু স্থানীয় লোকদের কাছ থেকে আমরা প্রাপ্য সম্মানটা পাই না। দল এখানে জিতলে হয়তো সেটা পেতাম।"
আর ক্রিকেট দল নিয়ে প্রবাসীদের এমন উন্মাদনা নজর এড়ায়নি বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সেরও। খেলা না হওয়ায় তাদের দুঃখের সমব্যথী হয়ে গেলেন তিনিও, "এখানে বাংলাদেশের খেলা দেখার জন্য তাদের প্রতীক্ষাটা আমি বেশ বুঝতে পারছিলাম। সত্যিই ওদের জন্য খুব খারাপ লাগছে আমার।" প্রবাসীরা যেমন নিজ দেশের খেলা দেখতে পারেননি, তেমনি সিডন্সও তার দলের কয়েকজনকে বাজিয়ে দেখতে পারলেন না বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায়, "আমাদের কয়েকজন ফাস্ট বোলারকে একটু দেখে নেওয়া দরকার ছিল। কয়েকজন ব্যাটসম্যানকেও, কিন্তু দুর্ভাগ্য যে সেটা আমরা দেখে নিতে পারলাম না।"
বাংলাদেশ দলের খেলা দেখার ইচ্ছে ছিল বাফেলো পার্কের কিউরেটর অ্যাশলিরও। ২০০২ সালে এই মাঠেই একটা টেস্ট ম্যাচ খেলে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ইনিংসে হারা বাংলাদেশ আর আগের অবস্থায় নেই জানেন। বদলে যাওয়া বাংলাদেশকে দেখার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল তার, "গত কয়েক বছরে বেশ কিছু বড় দলকে হারিয়েছে বাংলাদেশ। আইসিএলে অনেক খেলোয়াড় চলে যাওয়ার পরও তারা ভালো খেলছে। এখানে তাদের খেলা দেখতে পারলে ভালো লাগতো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24