ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্রিকেট বোর্ডের বহুল প্রতীক্ষিত নির্বাচন বুধবার। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন ২৩ পরিচালক, যাদের হাতে ন্যস্ত হবে বাংলাদেশ ক্রিকেট পরিচালনার গুরুভার।
এবারের নির্বাচনের গুরুত্ব আছে তার নতুনত্বেও। নির্বাচন হবে ৩ ক্যাটাগরিতে। 'এ' ক্যাটাগরিতে আছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলররা, 'বি' ক্যাটাগরিতে ঢাকার ক্লাব এবং 'সি' ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি। প্রতিটি ক্যাটাগরির কাউন্সিলর বা ভোটাররা ভোট দেবেন শুধু তাদের ক্যাটাগরিতে এবং এভাবেই তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। তাদের ভোটে নির্বাচিত ২৩ জনের সঙ্গে যোগ হবেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত একজন পরিচালক। আর সরকার মনোনীত সভাপতি যোগ হয়ে পুরো কমিটিটা হবে ২৫ সদস্যের।
সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনামের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট পরিষদ নামে। আর তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের নাম সম্মিলিত পরিষদ, যাদের নেতৃত্ব দিচেছন ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটির অন্যতম উপদেষ্টা আহমেদ সাজ্জাদুল আলম ববি।
'এ' ক্যাটাগরিতে মোট ভোটারের সংখ্যা ৬৯, আর প্রার্থী ১৮ জন। এর মধ্য থেকে নির্বাচিত হবেন ১০ জন। 'বি' ক্যাটাগরিতে ১২ টি পদের জন্য লড়ছেন ২৪ জন, এখানে ভোটার ৫২ জন। 'সি' ক্যাটাগরিতে লড়াইটা হবে সবচেয়ে আকর্ষণীয়। এখানে ভোটার ৪৭ জন, কিন্তু পদ মাত্র একটি। আর সেই পদে লড়ছেন সাবেক তিন জাতীয় অধিনায়ক রকিবুল হাসান, গাজী আশরাফ লিপু এবং ফারুক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১২৫ঘ
bdnews24