মাসুদ পারভেজ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক, জোহানেসবার্গ থেকে
জোহানেসবার্গ, ৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মেঘলা আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি গত দু'দিন ধরেই আঁধো অন্ধকারে ডুবিয়ে রেখেছে জোহানেসবার্গ শহরকে। রোববার দ্বিতীয় ওয়ানডের আগেরদিন ম্যাচের ভেন্যু বেনোনিতে না গিয়ে বাংলাদেশ দল পচেফস্ট্রম থেকে এই অন্ধকার শহরেই ফিরে এসেছে। আর নিজেরাও রয়ে গেছে বেনোনির উইকেট-কন্ডিশন নিয়ে অন্ধকারে।
অবশ্য দক্ষিণ আফ্রিকাও যে সফরকারীদের চেয়ে এক্ষেত্রে চেয়ে খুব একটা এগিয়ে আছে বলার উপায় নেই। চারিদিকে উইলো গাছে ছাওয়া উইলোমোর পার্কে স্বাগতিকরা তাদের শেষ ম্যাচটি খেলেছে ছয় বছর আগে। ২০০২ এর ডিসেম্বরে খেলা সেই ম্যাচটিতে ২৫৩ রান করে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছিল তারা।
ওই ম্যাচের দুই মাস আগে একই মাঠে বাংলাদেশকে ১০ উইকেটে উড়িয়ে দিলেও এখন যে আর সফরকারীদের আগের অবস্থা নেই, সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে তেমন বার্তা নিশ্চয়ই পৌঁছানো গেছে প্রোটিয়া শিবিরে। বাংলাদেশ দল অন্তত তেমনই মনে করে। গত পাঁচটি ওয়ানডে ম্যাচে লড়ে হারার অভিজ্ঞতায় অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন অবলীলায় বলে দিতে পারছেন, "গত কয়েকটা ম্যাচে আমরা যেমন খেলছি, সেরকম খেললে ওয়ানডে সিরিজের পরের দুটো ম্যাচেও আমাদের সামনে সুযোগ আসবে।" বেনোনিতে তেমন সুযোগ তৈরির জন্য উইকেট-কন্ডিশন নিয়ে একটা স্বচ্ছ ধারণা আগেরদিনই নিয়ে আসা খুবই জরুরি ছিল।
কিন্তু এক ধরনের বিরক্তি থেকেই এই জরুরি কাজটা করায় আশরাফুলদের মন সায় দেয়নি। একেই আঁটোসাঁটো ক্রিকেটসূচি। তার ওপর বাংলাদেশ দলকেও রাখাও হচ্ছে মাঠ থেকে অনেক দূরের হোটেলে। দুয়েমিলে আর কুলিয়ে উঠছে না তারা। জোহানেসবার্গ থেকে পচেফস্ট্রমে গিয়ে ম্যাচ কভার করে আবার ফিরে আসা সাংবাদিকদের দেখে শনিবার রাতে তাই ঈর্ষাই হল বাংলাদেশ অধিনায়কের, "আপনারা তো খুব মজায় আছেন। এখন জোবার্গে (জোহানেসবার্গের সংক্ষেপ) ফিরে যাবেন। আর আমাদের এখন হোটেলে যেতে এক ঘন্টা। তারপর কাল (রোববার) সকালে জোবার্গ যেতে আরো তিন ঘন্টা।" এদিন তারা স্থানীয় সময় বিকাল চারটায় জোবার্গে এসে পৌছানোর পর বেনোনিতে যাওয়ার আর কোনো উপায়ই ছিল না।
ম্যাচের আগে তাই অতীত স্মৃতিই তাদের ভরসা। ২০০৩ বিশ্বকাপে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বেনোনিতে খেলা পরিত্যক্ত ম্যাচটি অবশ্য অনেক আগের ঘটনা। উইলোমোর পার্কে খেলা সর্বশেষ ম্যাচটির অভিজ্ঞতা কিন্তু খুব ভালো নয় বাংলাদেশের। গত বছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কেনিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচটিতে হারের লজ্জায় ডুবতে হয়েছিল তাদের। তবে এরপরে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সেমিফাইনালে ওঠা এবং গত কিছুদিনের পারফরম্যান্সে এখন আর সেসব নিয়ে ভীতিতে থাকার কোনো কারণ নেই। তবে ভেন্যুতে যাওয়া হয়নি বলে ম্যাচের আগেরদিন ১২ জনের দলও জানায়নি বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতিটা তারা সেরে এসেছে পচেফস্ট্রমেই। যদিও প্র্যাকটিস সবার জন্য বাধ্যতামূলক ছিল না। ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র ও শাহাদাত হোসেনদের নেমে পড়তে দেখে আর বসে থাকেননি আশরাফুল, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকরাও। এই ভেন্যুতে মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার মাইকেল ওয়েন স্মিথ যা জানালেন, তাতে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং গভীরতা আরো বাড়ছে, "এই ম্যাচে খেলার খুব ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথের।" স্মিথ দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভালো স্পিন খেলা ব্যাটসম্যান বলে স্বীকৃত, টেনিস এলবোর ইনজুরি কাটিয়ে তার ফেরা মানে বাংলাদেশের স্পিনারদের কাজ আরো কঠিন হয়ে যাওয়া।
যদি নতুন বলের বোলাররা তাকে আগেভাগেই ফিরিয়ে দিতে না পারেন। আবার বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগানোর জন্য তো ডেল স্টেইন ও মরনে মরকেলরা আছেনই। এই চ্যালেঞ্জে জেতার জন্য আশরাফুলের সমাধান, "বিশেষ করে স্টেইনের বল খেলার বিষয়ে আরো সাবধানী হতে হবে আমাদের। প্রথম ম্যাচে তো ও-ই আমাদের শেষ করে দিল। তারপরও বলবো ওই ম্যাচটাতে ইতিবাচক অনেক কিছুই করেছি আমরা। দ্বিতীয় ম্যাচেও লড়ার চেষ্টার সঙ্গে যদি ছোটখাটো ভুলগুলো না হয়, তাহলে কিছু একটা হবেই।"
রোববার বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়া এই ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএসইচ/ঘ.
bdnews24