২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহ্যের শহর, রান-বন্যার উইকেট এবং বাংলাদেশ দল

দেখার মতো এক দৃশ্য বটে। সতীর্থ ধারাভাষ্যকারদের নিয়ে ক্রিকেট নেটের ভেতর বসে মধ্যাহ্নভোজ সারছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল। আসলে জায়গাটা পচেফস্ট্রমের সেনউইস পার্কের ইনডোর। আন্তর্জাতিক ক্রিকেট এখানে সেভাবে হয় না বলে ডাইনিংয়ের জন্য আলাদা জায়গা বের করা নেই। ইনডোরেই তাই খাওয়া-দাওয়ার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আর এর পাশের বেলকনিটা অস্থায়ী প্রেসবক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

মাসুদ পারভেজ পচেফস্ট্রম থেকে পচেফস্ট্রম, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দেখার মতো এক দৃশ্য বটে। সতীর্থ ধারাভাষ্যকারদের নিয়ে ক্রিকেট নেটের ভেতর বসে মধ্যাহ্নভোজ সারছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল। আসলে জায়গাটা পচেফস্ট্রমের সেনউইস পার্কের ইনডোর। আন্তর্জাতিক ক্রিকেট এখানে সেভাবে হয় না বলে ডাইনিংয়ের জন্য আলাদা জায়গা বের করা নেই। ইনডোরেই তাই খাওয়া-দাওয়ার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আর এর পাশের বেলকনিটা অস্থায়ী প্রেসবক্স। তাই বলে আবার সেনউইস পার্ককে একেবারে সাধারণ মানের ভেন্যু বলে ভেবে বসবেন না যেন। ছবির মতো ছোট্ট শহর পচেফস্ট্রমের ছবির মতো স্টেডিয়াম বললেই শুধু হচ্ছে না। এই মাঠের উইকেট এবং আউটফিল্ড দক্ষিণ আফ্রিকার সেরা হিসেবেই চিহ্নিত। ২০০৩ বিশ্বকাপের আগে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তো আর এমনি এমনিই এটিকে তাদের ওয়ার্ম আপ ভেন্যু হিসেবে বেছে নেয়নি। বিশেষ করে এখানকার উইকেটে যে অবাধ রানধারা আছে, সেটা তো প্রমাণিতই। এটা হচ্ছে বিশ্বের তৃতীয় ক্রিকেট ভেন্যু যেখানে আগে ব্যাট করা দল চারশোর বেশি রান করেছে। ২০০৬-০৭ এ এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ৪১৮ রান তুলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এছাড়াও দুবার হয়েছে তিনশোর বেশি রান। এরমধ্যে ২০০২ সালে একবার বাংলাদেশের বিপক্ষেও। এখন পর্য়ন্ত এখানে হওয়া একমাত্র টেস্টটির সঙ্গেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০০ সালে উদ্বোধন হওয়ার পর এই মাঠের প্রথম ও এখন পর্যন্ত শেষ টেস্টে ৪৮২ রান করা স্বাগতিকরা বাংলাদেশকে হারিয়েছিল ইনিংস ও ১৬০ রানে। যদিও সেই বাংলাদেশ দলের কেউই এখনকার দলে নেই। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা ৮ উইকেটে ২৮৩ রান তুলে এই মাঠের রান খ্যাতিকেও ধরে রেখেছে। আর পচেফস্ট্রম নামের শহরটা ধরে রেখেছে ঐতিহ্য। সেনউইস পার্কের এক পাশেই একটি জাদুঘর, যেটি একসময় ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট মার্টিনাস ওয়েসেল প্রিটোরিয়াসের (১৮১৯-১৯০১) বাসভবন। অন্য পাশে দক্ষিণ আফ্রিকার আফ্রিকানস ভাষার সবচেয়ে বড় পচেফস্ট্রম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ। বাংলাদেশ দলের লিঁয়াজো অফিসার লিওন কোটজির কাছ থেকে জানা গেল, এই বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের জন্যই মাঠ আছে আটটি। আছে রাগবি মাঠ এবং বিশাল অ্যাথলেটিক্স ট্র্যাকও। নর্থ ওয়েষ্ট প্রভিন্সের প্রবেশদ্বার এই পচেফস্ট্রম শহরটাকে 'কটেজের শহর'ও বলা যায়। এরমধ্যে কয়েকটাকে আবার ইতিমধ্যেই 'জাতীয় স্থাপত্য' হিসেবে ঘোষণা করা হয়েছে। এই যেমন দি ওল্ড গানপাউডার হাউজ, ওল্ড পুলিশ স্টেশন বিল্ডিং এবং ম্যাজিস্ট্রেটস অফিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩০০ঘ.