২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের ৪০তম সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গার দিনটার কথা তিনি নিশ্চয়ই কোনো দিনও ভুলতে পারবেন না। তবে সেদিন একটা হতাশাও ভালোমতোই পুড়িয়েছিল শচীন টেন্ডুলকারকে। ঐ দিন মাত্র ১২ রানের জন্য তিনি সেঞ্চুরির দেখা পাননি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনে সেই আক্ষেপ অনেকটাই ঘোচাতে পেরেছেন 'লিটল জিনিয়াস'। তার ৪০তম টেস্ট সেঞ্চুরির সুবাদেই দিনশেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

নাগপুর, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গার দিনটার কথা তিনি নিশ্চয়ই কোনো দিনও ভুলতে পারবেন না। তবে সেদিন একটা হতাশাও ভালোমতোই পুড়িয়েছিল শচীন টেন্ডুলকারকে। ঐ দিন মাত্র ১২ রানের জন্য তিনি সেঞ্চুরির দেখা পাননি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনে সেই আক্ষেপ অনেকটাই ঘোচাতে পেরেছেন 'লিটল জিনিয়াস'। তার ৪০তম টেস্ট সেঞ্চুরির সুবাদেই দিনশেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১১ রান। আগের দুই টেস্টে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করা গৌতম গম্ভীর নিষিদ্ধ হয়ে খেলতে পারছেন না এই টেস্টে। কিন্তু তার ওপেনিং পার্টনার বীরেন্দর শেবাগ আর অভিষিক্ত মুরালি বিজয় সেটা বুঝতেই দেননি টস জিতে ব্যাট করতে নামা ভারতকে। ৯৮ রানের দারুণ একটা জুটি গড়েছেন তারা। নেতৃত্ব দিয়েছেন শেবাগই, অভিষিক্ত অফস্পিনার জেসন ক্রেইজার প্রথম ওভারে মারা একটি ছক্কা আর একটি বাউন্ডারিসহ তার ৬৬ রানের ইনিংসটিতে মোট ১০বার বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন এই ডানহাতি। তুলনায় বিজয়ের ৩৩ রানের ইনিংসটা ছোটই, তবে সেটি খেলার পথে এই তরুণকে দেখে মনেই হয়নি বিশ্বসেরাদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছেন তিনি। সেই বিজয়কেই উইকেটের পিছনে ব্র্যাড হ্যাডিনের শিকার বানিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দিয়েছেন পেসার শেন ওয়াটসন। এরপর ক্রেইজার জোড়া আঘাতে বিনা উইকেটে ৯৮ থেকে ভারতের স্কোর হঠাৎ করেই পরিণত হয়েছে ৩ উইকেটে ১১৬ রানে। ফর্মহীন রাহুল দ্রাবিড়কে (০) বিদায় করে নিজের প্রথম টেস্ট উইকেটটি পেয়েছেন ক্রেইজা, ফরোয়ার্ড শর্ট লেগে সাইমন ক্যাটিচের হাতে ক্যাচ দিয়েছেন দ্রাবিড়। চার ওভার পরে ক্রেইজা নিয়েছেন প্রতিশোধ, কাট করতে গিয়ে নিজের স্টাম্পেই বল টেনে এনে বোল্ড হয়েছেন শেবাগ। ১৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ভারত তখন বেশ অস্বস্তিতে। তবে টেন্ডুলকার এবং শততম টেস্ট খেলতে নামা ভিভিএস লক্ষ্মণের দৃঢ়তায় বিপদ কেটে যেতেও সময় লাগেনি। চা-বিরতির পর পানি পানের বিরতির ঠিক আগে ক্রেইজাকে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন লক্ষ্মণ। কিন্তু ততক্ষণে ২৬২ রানে পৌঁছে যাওয়ায় স্বাগতিকরা মাঝের বিপদটা কাটিয়ে উঠতে পেরেছে অনেকটাই। টেন্ডুলকারের সঙ্গে ১৪৬ রানের জুটি গড়া লক্ষ্মণের ৬৪ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৫টি। লক্ষ্মণের বিদায়ের পরই সেই মাহেন্দ্রক্ষণের জন্ম। ৯৯ থেকে ক্রেইজাকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দারুণ এক চার মেরে টেন্ডুলকার পৌঁছে যান ৪০তম টেস্ট সেঞ্চুরিতে। ব্যাট আর হেলমেট উঁচিয়ে টেস্ট-ওয়ানডে দু ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক যখন দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন তখন তার সঙ্গে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা সৌরভ গাঙ্গুলী। ভারতের সফলতম অধিনায়কও উষ্ণ আলিঙ্গনে বেঁধে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থকে। কিন্তু সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি টেন্ডুলকার। মিচেল জনসনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ায় শেষ হয়ে গেছে ১৮৮ বলে ১২টা বাউন্ডারিতে গড়া ১০৯ রানের ইনিংসটা। প্রথম দিনে সেটাই অস্ট্রেলিয়ার শেষ সাফল্য। দিনশেষে সৌরভ ২৭ ও মহেন্দ্র ধোনি অপরাজিত ছিলেন ৪ রানে। ৩ উইকেট নেয়া ক্রেইজা প্রথম দিনে অস্ট্রেলিয়ার সফলতম বোলার। যদিও সেজন্য তাকে খরচ করতে হয়েছে ১৩৮ রান। চার টেস্টের এই সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে থাকা ভারতের পক্ষে এই ম্যাচে দলে ফিরেছেন ইনজুরির কারণে তৃতীয় টেস্ট মিস করা অফস্পিনার হরভজন সিং। দিল্লীতে অনুষ্ঠিত ওই ম্যাচে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেওয়া অধিনায়ক অনিল কুম্বলের জায়গায় খেলছেন তিনি। অন্যদিকে ক্রেইজা সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন পেসার স্টুয়ার্ট ক্লার্ক। অর্থাৎ নাগপুরে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া দলে দু জন স্পিনার ---- ক্রেইজা ও লেগস্পিনার ক্যামেরন হোয়াইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/এমএম/১৮৪০ঘ.