জোহানেসবার্গ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের সঙ্গে একটা সুখস্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশের। ২০০৭ সালের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। সেই জোহানেসবার্গেই আরেকটি জয় দিয়ে এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরু করার দারুণ একটা সুযোগ পেয়েছিল টাইগাররা, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বুধবার সফরের একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের কাছে ১২ রানে হেরে গেছে তারা।
দুদফা বৃষ্টির কবলে পড়া এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৭ উইকেটে ১১৮ রান। কিন্তু টোয়েন্টি-টোয়েন্টির বৃষ্টি আইনে সফরকারীদের টার্গেটটা দাঁড়ায় ১২২।
তামিম ইকবাল (২৪ বলে ২৫) আর আশরাফুল (১২ বলে ২১) যেভাবে শুরু করেছিলেন, তাতে সেটাকে মোটেই বড় কিছু মনে হচ্ছিল না। এমনকি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও দশম ওভার পর্যন্ত ভালোমতোই লড়াইয়ে ছিল বাংলাদেশ। ওই ওভার শেষে ৫ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪ বলে ৩৫ রান। কিন্তু একাদশ ওভারের শুরুতেই এবি ডিভিলিয়ার্সের অসাধারণ এক ফিল্ডিংয়ের শিকার হয়ে মুশফিকুর রহিমের (১২) বিদায়ে ওলট-পালট হয়ে গেছে সবকিছু। সিঙ্গেলসের কথা ভুলে সব বলেই বাউন্ডারির চেষ্টা করতে গিয়ে ১২ ও ১৩তম ওভার থেকে মাত্র তিনটি করে রান পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১৫ রান করতে ১৭ বল খেলা নাইম ইসলামই মূল অপরাধী। ত্রয়োদশ ওভারে দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে আরো বিপদে ফেলে দিয়েছেন ডেল স্টেইন।
বাংলাদেশের জন্য একটাই সান্ত্বনা, ও ওভারে ১৬ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রাজ্জাক। দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময়েই দুদফা বৃষ্টি হানা দিয়েছে এই ম্যাচে। স্বাগতিকরা ৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান তোলার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায় প্রথমবার। তারপর মাঝে একবার খেলা শুরু হলেও তা স্থায়ি হয়েছে মাত্র ২ বল।
দ্বিতীয় দফা বৃষ্টির আগে ৭.৫ ওভারে ২ উইকেটে ৭২ রান তোলা স্বাগতিকরা বৃষ্টির পর ৬.১ ওভারে পাঁচটি উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৪৬ রান।
এই পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন রাজ্জাক। এর মধ্যে শেষ ওভারটিতে মাত্র ৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি।
এছাড়া আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ২১ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। আর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেওয়া পেসার সৈয়দ রাসেল অন্য উইকেটটি পেয়েছেন ৪ ওভারে ৩৬ রান দিয়ে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন দুবার জীবন পাওয়া এবি ডিভিলিয়ার্স। প্রথম দফা বৃষ্টির পর খেলা শুরু হলে প্রথম বলেই কভারে ক্যাচ দিয়েছিলেন তিনি, আশরাফুল সেটা রাখতে পারেননি। তখন তার সংগ্রহ ৯, পরে সাকিবের বলে মিড অনে ক্যাচ দিয়ে আরো একবার বেঁচে গেছেন ২৬ বলের ইনিংসে একটি ছক্কা আর চারটি বাউন্ডারি মারা ডিভিলিয়ার্স।
বুধবারের এই ম্যাচে টস জিতে আশরাফুল ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। লুটস বসম্যান আর হার্শেল গিবস দারুণ সূচনাই এনে দিয়েছিলেন স্বাগতিকদের, ৪ ওভারেই ৪৩ রান তুলে নেওয়ার পর গিবসকে (১০ বলে ১৮) বোল্ড করে ওই জুটি ভেঙেছেন রাসেল। আর নিজের দ্বিতীয় বলেই বসম্যানকে ফিরিয়ে দিয়ে রাজ্জাক পেয়েছেন তার প্রথম সাফল্য। আকাশে বল তুলে দিয়ে মিড অফে আশরাফুলের হাতে ধরা পড়ার আগে মাত্র ১৮ বলে চারটি বাউন্ডারি আর একটি ছক্কায় ২৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।
এই ম্যাচের বাংলাদেশ দলে খেলতে পারছেন না সহঅধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পিঠের ব্যথার কারণে একাদশের বাইরে রাখা হয়েছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২৩২০ ঘ.
bdnews24