২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের আরো কাছে ওয়ারিয়র্স

ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএল-এর সেমিফাইনালে ওঠার পথে আরো একধাপ এগিয়েছে ঢাকা ওয়ারিয়র্স। সোমবার চন্ডিগড়ের পাঞ্চকুলা স্টেডিয়ামে আহমেদাবাদ রকেটসকে ১৩ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। সাত ম্যাচের চারটিতে জিতে আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএল-এর সেমিফাইনালে ওঠার পথে আরো একধাপ এগিয়েছে ঢাকা ওয়ারিয়র্স। সোমবার চন্ডিগড়ের পাঞ্চকুলা স্টেডিয়ামে আহমেদাবাদ রকেটসকে ১৩ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। সাত ম্যাচের চারটিতে জিতে আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। বড় ইনিংস খেলতে পারেননি অলক কাপালি, গত দু ম্যাচের হাফসেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীসও ব্যর্থ। নাজিমউদ্দিন আর মাহবুবুল করিমের ঝড়ো দুটি ইনিংসের সুবাদে তারপরও এখন পর্যন্ত আইসিএল-এর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে ঢাকা ওয়ারিয়র্স। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান তোলে তারা। জবাবে রকেটসরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলতে পারে ১৬৮ রান। ওয়ারিয়র্সদের পক্ষে ওপেনার নাজিমউদ্দিন সর্বোচ্চ ৪৮ রান করেছেন ২৯ বল খেলে। চারটি ছক্কা আর তিনটি বাউন্ডারি মেরেছেন তিনি। তবে ছয় নম্বরে নামা মাহবুবুল করিমের অপরাজিত ৪৫ রানের ইনিংসটা ছিল তারচেয়েও মূল্যবান, ১২৮ রানে পাঁচ উইকেট হারানোর পর ধীমান ঘোষকে (১২ বলে ১৮) নিয়ে মাত্র ২৮ বলে ৫৩ রানের জুটি গড়ে এই তরুণই ওয়ারিয়র্সদের এনে দিয়েছেন স্বপ্ন দেখানো স্কোর। ২৪ বলের ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন মাহবুব, এছাড়াও বলকে সীমানা পার করিয়েছেন আরো চারবার। ম্যাচ সেরার পুরস্কারটাও ভাগাভাগি করে নিয়েছেন তারা দুজনই। এবারের আইসিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক অলকও একেবারে খারাপ করেননি, ২২ বলে ২৬ রানের ইনিংসে একটি ছক্কা মেরেছেন তিনি। তারপর বল হাতে নিয়েছেন প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান মারে গুডউইনের উইকেটটি। ৪২ বলে গুডউইনের ৬১ রানের ইনিংসটা জয়ের স্বপ্নই দেখাচ্ছিল রকেটস। ঢাকার পক্ষে বল হাতে সেরা পারফরম্যান্স অবশ্য মোহাম্মদ রফিকের, তিন উইকেট নিতে ৩১ রান খরচ করেছেন এই বাঁহাতি স্পিনার। ৩৯ রানে দুটি উইকেট পেয়েছেন পেসার তাপস বৈশ্য। রকেটসদের পক্ষে ২৯ রানে তিন উইকেট নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জ্যাসন গিলেস্পি, অলকের উইকেটটিসহ শ্রীধরন শ্রীরাম ৩৭ রানে পেয়েছেন দুই উইকেট। সোমবার মুম্বাই চ্যাম্পসের বিপক্ষে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপারস্টারসদের তোলা ৭ উইকেটে ২০৫ রানের পর ওয়ারিয়র্সদের ১৮১-ই আইসিএলে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াইয়েও আপাতত চেন্নাইর পেছনে ঢাকা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট সুপারস্টারসদের, ৭ ম্যাচে ওয়ারিয়র্সদের সংগ্রহ ৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৫ ঘ.