করাচি, ৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত মাসে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত চার জাতি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের দলে সুযোগ পাননি তিনি। তবে এ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুধাবিতে অনুষ্ঠেয় একটি ওয়ানডে সিরিজে মোহাম্মদ ইউসুফকে উপেক্ষা করতে পারেননি পাকিস্তানের নির্বাচকরা। প্রত্যাশা মতোই দলে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।
পাকিস্তানের ১৫ সদস্যের দলে আছেন শোয়েব আখতার এবং সাঈদ আজমলও। টরন্টোর টুর্নামেন্টে অফস্পিনার আজমল বাদ পড়ার জন্যই গত মাসে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক সালাউদ্দিন আহমেদ। ম্যালেরিয়া থেকে সেরে ওঠা ওপেনার নাসির জামশেদও সুযোগ পেয়েছেন দলে। তবে টরন্টো সফরে যাওয়া খালিদ লতিফ, আনোয়ার আলী ও সোহেল খান বাদ পড়েছেন।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ তিনটি হবে ১২, ১৪ ও ১৬ নভেম্বর।
পাকিস্তান দল :
শোয়েব মালিক (অধিনায়ক), মিসবাহ-উল হক, সালমান বাট, নাসির জামশেদ, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি, কামরান আকমল, সোহেল তানভির, শোয়েব আখতার, উমর গুল, রাও ইফতিখার, ফাওয়াদ আলম, আব্দুর রউফ ও সাঈদ আজমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫৭ঘ.
bdnews24