২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্প্রাণ ড্র-তেই শেষ হলো দিল্লী টেস্ট

শেষ দিনের নাটকীয়তা বলতে অনিল কুম্বলের আকস্মিক অবসরের ঘোষণা। এছাড়া রোববার ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে আর কোনো চমক নেই। চতুর্থ দিনশেষে যে আভাস পাওয়া যাচ্ছিল শেষ পর্যন্ত সেটাই ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

দিল্লী, ২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ দিনের নাটকীয়তা বলতে অনিল কুম্বলের আকস্মিক অবসরের ঘোষণা। এছাড়া রোববার ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে আর কোনো চমক নেই। চতুর্থ দিনশেষে যে আভাস পাওয়া যাচ্ছিল শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে দিল্লী টেস্ট। ১-০ তে এগিয়ে থাকায় আগামী বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টও ড্র করতে পারলেই সিরিজ জিতে যাবে ভারত। রোববার ২ উইকেটে ৪৩ রান নিয়ে দিন শুরু করা ভারত এক শ' তে পৌঁছানোর আগেই হারিয়েছে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে। সিরিজের শুরু থেকে অনুজ্জ্বল ব্রেট লি অষ্টম ওভারে বোল্ড করে দিয়েছেন রাহুল দ্রাবিড়কে (১১)। অন্য অপরাজিত ব্যাটসম্যান গৌতম গম্ভীরের সঙ্গে শচীন টেন্ডুলকার ৪০ রান যোগ করার পর আবার ধাক্কা। এই সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা গম্ভীরকে এলবিডব্লুর ফাঁদে পড়তে হয়েছে মিচেল জনসনের বলে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি ও মোহালিতে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা দিল্লীর বাঁহাতি ওপেনার এবার করেছেন ৩৬ রান। গম্ভীরের বিদায়ে ৯৩ রানে চতুর্থ উইকেট হারানো স্বাগতিকরা খানিকটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু সব সংশয় দূর করে দিয়েছেন ভারতের তিন ব্যাটিং-স্তম্ভ টেন্ডুলকার, লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলী। টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক টেন্ডুলকারের ব্যাট থেকে এসেছে ৪৭ রানের আরেকটি কার্যকর ইনিংস। ক্যামেরন হোয়াইট তাকে ম্যাথু হেইডেনের ক্যাচ বানানোর সময় ভারতের স্কোর ৫ উইকেটে ১৪৫। সব মিলিয়ে 'টিম ইন্ডিয়া' সে সময় ১৮১ রানে এগিয়ে থাকায় তাদের পরাজয়ের শঙ্কাও মিলিয়ে গেছে প্রায়। শঙ্কাটা পুরোপুরি দূর করেছেন লক্ষ্মণ ও সৌরভ। প্রথম ইনিংসে ২০০ রানে অপরাজিত থাকা লক্ষ্মণকে এবারো আউট করতে পারেননি অস্ট্রেলিয়ার কোনো বোলার। ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যর্থ সৌরভ করেছেন অপরাজিত ৩২ রান। চা-বিরতির পরও ৮.৩ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২০৮ রান তুলে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় অস্ট্রেলিয়ার সামনে মাত্র ২৩ ওভারে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের। অসম্ভব এই লক্ষ্যের পিছু ছোটার কোনো চেষ্টাই করেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার। সফরকারীরা ৮ ওভারে বিনা উইকেটে ৩১ রান তোলার সঙ্গে সঙ্গেই সমাপ্তি ঘটেছে দিল্লী টেস্টের। তখন হেইডেন ১৬ ও ক্যাটিচ ১৩ রানে অপরাজিত। ২০০ ও ৫৯ রানের দুটো দারুণ ইনিংসের (দুটোই অপরাজিত) সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লক্ষ্মণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭১৫ঘ.