ঢাকা, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন ম্যাচ রেফারি কোনো সিদ্ধান্ত দেননি। তবে তার রিপোর্টের ভিত্তিতে বৃহষ্পতিবার ইস্পাহানী মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের টেকনিক্যাল কমিটি সিলেট দলের শাস্তি নির্ধারণ করেছে। বুধবার বরিশালের বিপক্ষে চারদিনের ম্যাচের শেষদিন তারা খেলতে অস্বীকৃতি জানায়, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি পরিপন্থী। এজন্য এই ম্যাচে বরিশালকে বিজয়ী ঘোষণা করে পুরো ১২ পয়েন্টই (সরাসরি জয়ের জন্য ৮ পয়েন্ট এবং সিলেটকে প্রথম ইনিংসে অলআউট করার জন্য ৪ বোনাস পয়েন্ট) দেওয়া হয়েছে। সিলেট কোনো পয়েন্ট তো পায়ইনি, উল্টো তাদের অধিনায়ক ইমতিয়াজ হোসেন এবং অন্য খেলোয়াড়দের যথাক্রমে ম্যাচ ফি'র ৭৫ ও ৫০ ভাগ জরিমানা করা হয়েছে। আর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাকেও ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24