ঢাকা, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে আগেই। তারপরও খেলে যাচ্ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকেও বল নিয়ে হাত ঘোরাতে দেখে শেষ পর্যন্ত বোধোদয় হলো- ড্র মেনে নিলেন দুদলের খেলোয়াড়রা। চট্টগ্রামে প্রথম টেস্টে তিন উইকেটে জেতার সুবাদে দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের জয়টা নিশ্চিত হলো সেই সঙ্গে। কাগজে কলমে ঢাকা টেস্টের শেষ দিনের খেলার তখনো ১৭ ওভার বাকি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ১ উইকেটে ৭৯, জেস রাইডার ৩৯ আর অ্যারন রেডমন্ড ৩০ রানে অপরাজিত।
এর আগে নিউজিল্যান্ডের ৬ উইকেটে ২৬২ রান তুলে ইনিংস ঘোষণার জবাবে বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছেন ৯ উইকেটে ১৬৯ রান তুলে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে তখনো ৯৩ রান দূরে স্বাগতিকরা।
অথচ মাত্র ৪৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ায় এক সময় ফলোঅনের আশঙ্কার সামনে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার দৃঢ়তায় ফলোঅন এড়াতে পেরেছে তারা। সাত আর আট নম্বরে নামা বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানই অবশ্য অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন, সাকিব আউট হয়েছেন ৪৯ রান করে, মাশরাফি করেছেন ৪৮।
আগের দিনশেষে ৩ উইকেটে ১৩ রানে থাকা বাংলাদেশের পঞ্চম দিনের শুরুটা মোটেও ভালো হয়নি। জিতান প্যাটেলের করা দিনের নবম এবং ইনিংসের ১৯তম ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন মেহরাব হোসেন জুনিয়র (৭) ।
প্রথম পানি পানের বিরতির পর আবার আঘাত। ড্যানিয়েল ভেট্টোরির করা ইনিংসের ২৬তম ওভারের প্রথম বলে আগের দিন অপরাজিত থাকা অন্য ব্যাটসম্যান তামিম ইকবাল (২৪) স্লিপে ক্যাচ দিয়েছেন রস টেলরকে। ইয়ান ও'ব্রায়েনের করা পরের ওভারেই মুশফিকুর রহিমও (৭) কট বিহাইন্ড!
৪৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ফলোঅনের আশঙ্কার সামনে। কিন্তু তারপরই সাকিব ও মাশরাফির দৃঢ়তাপূর্ণ ব্যাটিং স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশ শিবিরে। সপ্তম উইকেটে দুজনের ৭৮ রানের জুটি ফলোঅনের শঙ্কা থেকে অনেকটাই মুক্ত করেছে বাংলাদেশকে। তবে দলকে আশঙ্কামুক্ত করলেও দুজনকেই ফিরতে হয়েছে একটুর জন্য ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে।
৮৬ বলে ৬টা বাউন্ডারিসহ ৪৯ রানে পৌঁছে যাওয়া সাকিব তখন টানা দ্বিতীয় ফিফটির দ্বারপ্রান্তে। কিন্তু ৮৭তম বলটিতেই ভুল করলেন চট্টগ্রামে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই দুর্দান্ত পারফর্ম করা সাকিব। ভেট্টোরিকে অহেতুক সুইপ করতে গিয়ে তিনি এলবিডব্লু! ১২২ রানে সাকিবকে হারানোয় বাংলাদেশ দলে আবার ফলোঅনের শঙ্কা উঁকি দিলেও মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে তা দূর হতে সময় লাগেনি। ভেট্টোরি ও প্যাটেলকে মারা দুটো ছক্কা এবং ৭ বাউন্ডারিতে মাশরাফিও ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটির সৌরভ পাচ্ছিলেন। কিন্তু ও'ব্রায়েনের খাটো লেন্থের বল লাফিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে শর্ট লেগে ড্যানিয়েল ফ্লিনের হাতে ক্যাচ তুলে দেয়ায় তার সেই আশা পূরণ হয়নি। মাশরাফির ৪৮ রানের ইনিংসটা গড়ে উঠেছে ৮৯ বলে।
মাশরাফির বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ১৫৫ রান। ফলোঅন এড়াতে ৮ রান প্রয়োজন তখন। সেই কাজটা করেছেন আব্দুর রাজ্জাক (অপরাজিত ১৬) ও শাহাদাত হোসেন (৪)। ও'ব্রায়েনের বলে শাহাদাত ভেট্টোরির হাতে ক্যাচ তুলে দেয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৬৬ রানে ৫ উইকেট নেয়া ভেট্টোরি যথারীতি নিউজিল্যান্ডের সফলতম বোলার। কিউই অধিনায়কের ইনিংসে এটা সপ্তদশ ৫ উইকেট শিকার। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন ও'ব্রায়েন।
দ্বিতীয় ইনিংসের শুরুতে নিউজিল্যান্ডও ধাক্কা খেয়েছে। ইনিংসের পঞ্চম এবং মাশরাফির তৃতীয় ওভারে জেমি হাউ (৮) পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন রাজ্জাককে। তবে চা-বিরতি পর্যন্ত কিউইদের আর কোনো ক্ষতি হতে দেননি অন্য ওপেনার অ্যারন রেডমন্ড (১২*) ও জেসি রাইডার (১৪*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪১৭ঘ.
bdnews24