দিল্লী, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৌতম গম্ভীরের টানা দ্বিতীয় সেঞ্চুরি আর সেই সঙ্গে শচীন টেন্ডুলকার ও ভেঙ্কটসাই লক্ষ্মণের দুটি ফিফটিতে প্রথম দিনটা শেষ পর্যন্ত ভালোই কেটেছে ভারতের। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে ২৭ রানে দুই উইকেট হারিয়েও দিনশেষে স্বাগতিকরা তুলেছে ৩ উইকেটে ২৯৬ রান। গম্ভীর ১৪৯ আর লক্ষ্মণ ৫৪ রান নিয়ে ব্যাট করছেন।
ওপেনার বীরেন্দর শেবাগ আর রাহুল দ্রাবিড়কে হারিয়ে ধাক্কা খাওয়া ভারতকে ঘুরে দাঁড়ানোর পথটা অবশ্য দেখিয়েছেন টেন্ডুলকারই। তৃতীয় উইকেটে গম্ভীরের সঙ্গে ১৩০ রানের জুটি গড়ার পথে যেমন খেলছিলেন আগের টেস্টেই ব্রায়ান লারাকে টপকে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়া 'লিটল জিনিয়াস' যে মনে হচ্ছিল সেঞ্চুরিটা পেয়েই যাবেন তিনি। কিন্তু তা হয়নি, চা বিরতির ঠিক আগে মিচেল জনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ৬৮ রান করতে পেরেছেন টেন্ডুলকার। তার ১২৫ বলের ইনিংসটা সাজানো ছিল ১১টি বাউন্ডারিতে।
মোহালি টেস্টের মতো একই ভুল করেছেন টেন্ডুলকার, আর গম্ভীর এবারো সেটা করেননি। দিনের বাকি সময়টুকুতে লক্ষ্মণকে নিয়ে ১৩৯ রানের আরেকটি জুুটি গড়েছেন এই বাঁহাতি, তার সেই সঙ্গে পূরণ করেছেন ২০ টেস্টের ক্যারিয়ারে তার তৃতীয় সেঞ্চুরিটি। ১৯০ বলে, ১৫টি বাউন্ডারি আর একটি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁওয়ার পর আরো পাঁচটি বাউন্ডারি মেরেছেন তিনি।
সকালে ভারতের শুরুটা মোটেই এমন কিছুর ইঙ্গিত দিচ্ছিল না। গোড়ালির ইনজুরি কাটিয়ে শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি হরভজন সিং। তার জায়গায় দলে ফিরেই প্রিয় মাঠে টস জিতেছেন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। কিন্তু দিনের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ভারত অধিনায়কের সেই হাসি মুছে দিয়েছেন ব্রেট লি। প্রথম দুই ম্যাচে নি
bdnews24